নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম নগরীর অলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তনে গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হলো রবীন্দ্রসংগীতের বিশেষ সংগীত-সন্ধ্যা ‘উইথ টেগোর’ (With Tagore)। কালজয়ী কবির কাব্য ও সুরের আবেশে শ্রোতাদের মুগ্ধ করতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে একক সংগীত পরিবেশন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের চেয়ারপারসন ও সহকারী অধ্যাপক মিসকাতুল মমতাজ মুমু। গানের পাশাপাশি পরিবেশনার ফাঁকে সংক্ষিপ্ত আলোচনা ও আবৃত্তির মাধ্যমে তিনি রবীন্দ্রসংগীতের সাহিত্যিক, সাংস্কৃতিক ও দার্শনিক প্রেক্ষাপট শ্রোতাদের সামনে তুলে ধরেন। অনুষ্ঠানে রবীন্দ্রনাথের প্রকৃতি, প্রেম, ভক্তি, বিরহ ও আত্ম-অনুসন্ধানের বিভিন্ন ভাব-বৈচিত্র্যের বাছাই করা গান পরিবেশিত হয়। গানে গানে একদিকে যেমন ঋতু-পরিবর্তন ও প্রকৃতির সৌন্দর্য ফুটে ওঠে, অন্যদিকে তেমনি মানবিক সম্পর্ক ও আধ্যাত্মিক ভাবনার নানাদিক উঠে আসে, যা উপস্থিত শ্রোতাদের মনে গভীর সাড়া জাগায়।
শিল্পীর সুমেধ কণ্ঠে সংগীত পরিবেশনার সাথে সংগত করেন একদল দক্ষ যন্ত্রশিল্পী। তবলায় ছিলেন শুশান্ত কর চৌধুরী, এসরাজে রেজাউল করিম রেজু, কীবোর্ডে কাঞ্চন দাস, বাঁশিতে সুজন দাস, পারকাশনে সালাউদ্দিন মোং রুবায়েদ এবং বেহালায় শ্যামল চন্দ্র দাস।
সকলের জন্য উন্মুক্ত এই আয়োজনে নগরীর সংস্কৃতিপ্রেমী ও সংগীতানুরাগী শ্রোতারা বিপুল সংখ্যায় উপস্থিত ছিলেন। অলিয়ঁস ফ্রঁসেজের পরিচালক ব্রুনো ল্যাক্রাম্পের সার্বিক পরিচালনায় সুর, কবিতা ও ভাবনার আদান-প্রদানে সন্ধ্যাটি চট্টগ্রামবাসীর জন্য এক অনন্য সাংস্কৃতিক অভিজ্ঞতায় পরিণত হয়।