মো. সেলিম উদ্দিন খাঁন
কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের স্কুলপাহাড় এলাকায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই বোনসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত তিনজন। সোমবার (২৭ জুলাই) দুপুর ২টার দিকে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের স্কুলপাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, রুবিনা আক্তার ও শাহিনা আক্তার। তারা উখিয়া উপজেলার হরিণমারা এলাকার বাসিন্দা জাফর আলমের দুই মেয়ে। তবে নিহত অন্য ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি।
কক্সবাজারে ইয়াবাসহ আওয়ামী লীগ নেতা আটক কক্সবাজারে ইয়াবাসহ আওয়ামী লীগ নেতা আটক পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক একটি মামলার কাজে সকালে দুই বোন কক্সবাজার আদালতে গিয়েছিলেন। কাজ শেষে সিএনজিচালিত অটোরিকশায় করে বাড়ি ফেরার পথে রামুর খুনিয়া পালংয়ের স্কুলপাহাড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। পরে গুরুতর আহত অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় দুই বোনের মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় সিএনজিচালিত অটোরিকশাটিতে চালকসহ ছয়জন আরোহী ছিলেন। তাদের মধ্যে তিনজন নিহত এবং তিনজন গুরুতর আহত হন।
প্রত্যক্ষদর্শী আব্দুল গফুর বলেন, সন্তানদের নিয়ে কোচিংয়ে যাওয়ার পথে চোখের সামনেই দুর্ঘটনাটি ঘটে। ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশাটি মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই একজন মারা যান। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান।
রামু হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী বলেন, দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।