নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সড়কে শৃঙ্খলা নিশ্চিত ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বান্দরবানের লামায় থানা ও ট্রাফিক পুলিশের যৌথ বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে লামা পৌরসভার লাইনঝিরি ত্রি-রাস্তার মাথায় এ অভিযান পরিচালনা করা হয়।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কাইছার হামিদের নেতৃত্বে অভিযানে থানার এসআই নওফেল হাসান, এসআই সালাহ উদ্দিন, এসআই শাকিল আহমেদ, এসআই রাজীব বিশ্বাসসহ পুলিশ সদস্যরা অংশ নেন। এছাড়া ট্রাফিক সার্জেন্ট গোবিন্দ চন্দ্র দাশ, ট্রাফিক এসআই খায়রুল আহমেদসহ ট্রাফিক পুলিশের সদস্যরা অভিযানে অংশ নেন।
অভিযানকালে মোটরসাইকেল, সিএনজি, মাহিন্দ্র, বাস ও পর্যটকবাহী গাড়িসহ বিভিন্ন যানবাহন থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় চালকদের ড্রাইভিং লাইসেন্স, যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র যাচাইয়ের পাশাপাশি কোনো অবৈধ সামগ্রী বহন করা হচ্ছে কি না, তাও তল্লাশি করে দেখা হয়।
পুলিশ জানায়, সড়কে শৃঙ্খলা বজায় রাখা, অবৈধ যান চলাচল নিয়ন্ত্রণ, মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।
গুরুত্বপূর্ণ সড়ক ও প্রবেশপথগুলোতে এ ধরনের তল্লাশি ও নজরদারি অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ। একই সঙ্গে চালক ও সাধারণ মানুষকে আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।