নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
খাগড়াছড়ির রামগড়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক সচিবের বড় ভাই পরিচয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী শামীমের কাছে এক লাখ টাকা ধার চাওয়ার অভিযোগে মো. রেজাউল করিম (৬০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ইউএনও কার্যালয়ে এ ঘটনা ঘটে।
আটক রেজাউল করিম কুমিল্লার চান্দিনা উপজেলার এম এ খালেকের ছেলে। জাতীয় পরিচয়পত্রের তথ্য অনুযায়ী, তিনি বর্তমানে ঢাকার মিরপুরে বসবাস করেন।
ইউএনও কাজী শামীম জানান, দুই দিন আগে এক ব্যক্তি ফোন করে নিজেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক সচিবের বড় ভাই হিসেবে পরিচয় দেন। মঙ্গলবার সকালে ওই ব্যক্তি ফোনে রামগড়ে অবস্থানের কথা জানালে তাকে ইউএনও কার্যালয়ে আসতে বলা হয়।
পরে কার্যালয়ে আসার পর তাকে নাশতা দেওয়া হয়। একপর্যায়ে ওই ব্যক্তি ইউএনওর বদলির প্রসঙ্গ তোলেন। এরপর নিজের আর্থিক সংকটের কথা জানিয়ে এক লাখ টাকা ধার চান। ঢাকায় ফিরে সেই টাকা পরিশোধ করবেন বলেও জানান তিনি।
বিষয়টি নিয়ে সন্দেহ দেখা দিলে ইউএনও সংশ্লিষ্ট সচিবের সঙ্গে ফোনে যোগাযোগ করেন। তবে ওই ব্যক্তির পরিচয় সম্পর্কে সচিব স্পষ্ট কোনো তথ্য দিতে পারেননি। এরপর রেজাউল করিমের পরিচয় ও রামগড়ে অবস্থানের বিষয়ে খোঁজ নেওয়া হয়।
ইউএনও জানান, রামগড়ে অবস্থানের সময় রেজাউল করিম থানার ওসির পরিচয় ব্যবহার করে একটি আবাসিক হোটেলে উঠেছিলেন বলে জানা যায়। তবে রামগড় থানার ওসি তাকে চেনেন না বলে নিশ্চিত করেন। পরে প্রতারণার অভিযোগে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
রামগড় থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম বলেন, প্রতারণার অভিযোগে রেজাউল করিম নামে এক ব্যক্তিকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। ইউএনও কার্যালয়ের অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।