চন্দনাইশ প্রতিনিধি
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের উত্তর হাশিমপুর এলাকায় মখলেছুর রহমান চৌধুরী-আলতাজ খাতুন মাধ্যমিক বিদ্যালয়ে রাতের আঁধারে চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা বিদ্যালয়ের কয়েকটি কক্ষের তালা ভেঙে প্রায় ৮৩ হাজার টাকা মূল্যের বিভিন্ন মালামাল নিয়ে গেছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয়ের কেয়ারটেকার ফেরদৌস আলম স্কুলে এসে কয়েকটি কক্ষের দরজার তালা ভাঙা দেখতে পান। বিষয়টি তিনি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে জানালে শিক্ষকরা ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন কক্ষ পরিদর্শন করে চুরির বিষয়টি নিশ্চিত করেন।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিনহাজুল আবেদীন আরিফ জানান,মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে বিদ্যালয়ের কার্যক্রম শেষ হওয়ার পর শিক্ষকরা অফিস ও শ্রেণিকক্ষগুলোতে তালা দিয়ে চলে যান। পরদিন বুধবার সকাল ৮টার দিকে কেয়ারটেকার বিদ্যালয়ে এসে কয়েকটি শ্রেণিকক্ষ ও অফিস কক্ষের তালা ভাঙা অবস্থায় দেখতে পান।
পরে বিদ্যালয়ের বিভিন্ন কক্ষের মালামাল যাচাই করে দেখা যায়, চারটি শ্রেণিকক্ষ থেকে চারটি বৈদ্যুতিক ফ্যান, একটি প্রিন্টার মেশিন ও একটি পিসি চুরি হয়েছে।
এছাড়া অফিস কক্ষের একটি আলমিরার তালাও ভাঙা অবস্থায় পাওয়া যায়।
বিদ্যালয় কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, চুরি যাওয়া চারটি বৈদ্যুতিক ফ্যানের আনুমানিক মূল্য ২৫ হাজার টাকা, প্রিন্টার মেশিনের মূল্য ২৩ হাজার টাকা এবং পিসির মূল্য প্রায় ৩৫ হাজার টাকা। সব মিলিয়ে চুরি যাওয়া মালামালের আনুমানিক মূল্য ৮৩ হাজার টাকা।
এ ঘটনায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিনহাজুল আবেদীন আরিফ বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে চন্দনাইশ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে একটি অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।