টেকনাফ’হোয়াইক্যংয়ে ট্রাক-সিএনজি সংঘর্ষে চালক নিহত, নারীসহ আহত ৫

মো. সেলিম উদ্দিন খাঁন

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যংয়ে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার চালক এনায়েত উল্লাহ নিহত হয়েছেন এবং নারীসহ আরো ৫ জন আহত হয়েছেন। ‎শনিবার (১০ অক্টোবর) সকাল আনুমানিক ৮টা ২৫ মিনিটের দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেরুনতলী অংশে এই মর্মান্তিক ঘটনা ঘটে। ‎নিহত এনায়েত উল্লাহ রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাসিন্দা কেফায়েত উল্লাহর ছেলে। ‎স্থানীয় সূত্রে জানা যায়, সকালে যাত্রীবাহী একটি সিএনজি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিক-আপের মুখোমুখি সংঘর্ষ হয়। এই সংঘর্ষে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালকসহ ভেতরে থাকা ৬ জন যাত্রী গুরুতর আহত হন। ‎ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করেন। সিএনজি চালক এনায়েত উল্লাহকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে পালংখালী তাজমান হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ‎দুর্ঘটনায় আহত বাকি ৫ জনকে তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য চাকমারকুলস্থ ‘সেভ দ্য চিলড্রেন’ হাসপাতালে আনা হলে প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। ‎‎আহতদের মধ্যে ৪ জনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন, পালংখালী ৮নং ওয়ার্ডের ফারিরবিল এলাকার বাসিন্দা আবুল কালামের ছেলে হেলাল উদ্দিন(৩২), কক্সবাজারের রামুর নুরুল আবছার,রুজিনা আক্তার ও মনোয়ারা বেগম। আহত বাকি ১জনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
‎
‎ঘটনার সত্যতা নিশ্চিত করে হোয়াইক্যং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল আবছার জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ ও উদ্ধার করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন

Your email address will not be published.