চেতনানাশক খাইয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে সাতকানিয়া ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ২
গত ঈদেও বিএনপি নেতাদের ছবি সংবলিত ব্যানার পোষ্টারিং করেছেন এই ছাত্রদলনেতা-
মিনহাজ উদদীন মারুফ
চট্টগ্রামের সাতকানিয়া ১৪ বছর বয়সী এক শিশুকে পানির সঙ্গে চেতনানাশকজাতীয় পদার্থ খাইয়ে ধর্ষণের অভিযোগে উত্তর সাতকানিয়া উপজেলা ছাত্রদলের সংগঠক শাহিন ইমনকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ।
এ ঘটনায় ইমনকে সহায়তার অভিযোগে নুরুল আবছার (৩৮) নামে অপর এক ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়াও অপর সহায়তাকারী হোসনে আরা (৩২) এখনও পলাতক রয়েছেন বলে জানা গেছে।
রবিবার (২৫ অক্টোবর) বিকাল ৫টার দিকে সাতকানিয়া থানার ওসি মোহাম্মদ আবদুল আলীম সাংবাদিকদের হোয়াটসঅ্যাপ গ্রুপে খুদেবার্তার মাধ্যমে দুই আসামিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
শনিবার (২৪ অক্টোবর) রাতে ভুক্তভোগীর মা বাদী হয়ে সাতকানিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ও ধর্ষণে সহায়তার অভিযোগ এনে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করেন। এরপর অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে।
রবিবার (২৫ অক্টোবর) সকালে গ্রেপ্তারদের আদালতে সোপর্দের পাশাপাশি ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়।
গ্রেপ্তার শাহিন ইমন মোহাম্মদ শফির ও নুরুল আবছার মৃত আব্দুল খালেকের ছেলে। তারা উভয়ই উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের জনার কেঁওচিয়া গ্রামের ডেলিপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুর বাবা মারা যাওয়ার পর সে মায়ের সঙ্গে একটি ভাড়া বাসায় বসবাস করত। গত (২০ অক্টোবর) মায়ের অনুপস্থিতিতে পার্শ্ববর্তী হোসনে আরা নামের এক নারী তাকে নিজের ভাড়া বাসায় ডেকে নিয়ে যান। সেখানে তাকে এক গ্লাস পানির সঙ্গে চেতনানাশকজাতীয় পদার্থ খাইয়ে অচেতন করার পর গ্রেপ্তার শাহিন ইমন তাকে ধর্ষণ করেন। পরে সে জ্ঞান ফিরে পাওয়ার পর তার জামাকাপড় রক্তাক্ত অবস্থায় এবং পাশে ইমনকে আবিষ্কার করেন। এরপর সহায়তাকারী নুরুল আবছার ও হোসনে আরাকেও দেখতে বলে জানা গেছে।
তবে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের একাংশের নেতা-কর্মীদের দাবি, রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে শাহিন ইমনকে এ মামলায় ফাঁসানো হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও থানার উপ পরিদর্শক (এসআই) জাহেদ হোসেন বলেন, এ ঘটনায় ভিকটিম আদালতে ২২ ধারায় জবানবন্দি দিয়েছেন।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল আলীম বলেন, এ ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতের নিকট সোপর্দ করা হয়েছে। অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা রয়েছে।
প্রসঙ্গত, গ্রেপ্তার শাহিন ইমনের সঙ্গে বিএনপি ও অঙ্গ সংগঠনের জেলা এবং উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতার সঙ্গে তোলা ছবি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এমনকি তিনি বিগত ঈদুল ফিতরের সময় নিজেকে উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা ছাত্রদলের সংগঠক দাবি করে ছবি সংবলিত ব্যানারও টাঙিয়েছিলেন। এমনকি তাকে ছাড়াতে কতিপয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী তদবিরও করেছেন বলে জানা গেছে।