নগরের বাকলিয়ার তুলাতলি এলাকায় শারমিন আক্তার (২৬) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। শারমিন যশোর জেলার বাসিন্দা হলেও বাকলিয়ার তুলাতলিতে বসবাস করতেন।
আজ মঙ্গলবার দুপুরের দিকে বাকলিয়া থানার তুলাতলি এলাকায় গনি মিয়ার ভবনে এ ঘটনা ঘটে।
শারমিন আক্তারের স্বামী তরিকুল ইসলাম জানান, শারমিন গত এক সপ্তাহ ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন। তাকে চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করা হচ্ছে। দুপুরে বাসায় রান্না হয়নি, বাহির থেকে খাবার আনতে গিয়েছিলাম। ছেলে বাসার দরজা খোলার সঙ্গে সঙ্গে বলেন মা রুমে কথা বলছে না। রুমে ঢুকে দেখি ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। কি কারণে আত্মহত্যা করেছে বলতে পারছি না।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া জানান, গৃহবধূ শারমিন আক্তার মঙ্গলবার দুপুরে নিজ বাসায় ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরিবারের সদস্যরা তাকে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।