দীঘিনালা প্রতিনিধি: পার্বত্য জেলা খাগড়াছড়ির দীঘিনালায় তৃতীয় ধাপে ৩ টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ২৮ নভেম্বর (রবিবার)। অনুষ্ঠিত নির্বাচনে ১ ইউপি’তে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিক’র ভরাডুবি এবং অপর দু’টি ইউপি’র ফলাফল স্থগিত রাখা হয়েছে। তারমধ্যে ২ নং বোয়ালখালী ইউপি’র চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী চয়ন বিকাশ চাকমা আনারস প্রতিক নিয়ে ৮১৪৫ ভোটে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. মোস্তফা নৌকা প্রতিকে পেয়েছেন ৩৯০৭ ভোট। অপরদিকে নির্বাচন চলাকালীন সময়ে ১ নং মেরুং ও ৩ নং কবাখালী ইউপি’তে প্রার্থীর সমর্থকদের মাঝে সহিংসতার অভিযোগে ২ টি ইউপি’তে ২টি করে মোট ৪টি কেন্দ্র স্থগিত রাখা হয়েছে। তারমধ্যে কবাখালী ইউপি’তে ৭টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী স্বতন্ত্র প্রার্থী নলেজ চাকমা জ্ঞান আনারস প্রতিক নিয়ে ৫৪৯২ ভোটে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. বারেক নৌকা প্রতিক নিয়ে পেয়েছেন ২৮৫৬ ভোট৷ ১ নং মেরুং ইউপি’র ১৫ টি কেন্দ্রের মধ্যে ১৩ টির ফলাফল অনুযায়ী নৌকা প্রতিক নিয়ে ১০৪৭৪ ভোট পেয়ে এগিয়ে জয়ের দ্বারপ্রান্তে পার্বত্য অঞ্চলের একমাত্র নারী চেয়ারম্যান প্রার্থী মাহমুদা বেগম লাকি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী হেমাব্রত আনারস প্রতিক নিয়ে পেয়েছেন ৭৯০৭ ভোট৷ এবিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহেনসা মোহাম্মদ লতিফুল খায়ের বলেন, ১ নং মেরুং ও ৩ নং কবাখালী ইউপি’তে প্রার্থীর সমর্থকদের মাঝে সহিংসতার অভিযোগে ২টি ইউপি’র ২টি করে মোট ৪টি কেন্দ্র স্থগিত রাখা হয়েছে। নির্বাচনের নিয়ম অনুযায়ী এ কেন্দ্র গুলোতে পরবর্তীতে নির্বাচনের মাধ্যমে চুড়ান্ত ফলাফল জানানো হবে।