নিজস্ব প্রতিবেদক
খাগড়াছড়ি সদর উপজেলায় অবৈধভাবে পাহাড় কাটার দায়ে তিন শ্রমিককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে সদর উপজেলার কমলছড়ি ইউনিয়নের রোয়াসাইপাড়া এলাকায় অভিযান চালিয়ে এ দণ্ডাদেশ দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিয়া সুলতানা। অভিযানে ঘটনাস্থল থেকে পাহাড় কাটায় ব্যবহৃত একটি ট্রাক্টরও জব্দ করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খাগড়াছড়ি সদর জোনের আওতাধীন জিরো মাইল আর্মি ক্যাম্পের একটি নিয়মিত টহল দল রোয়াসাইপাড়া এলাকায় পাহাড় কেটে মাটি উত্তোলন করতে দেখে। এসময় পাহাড় কাটারত অবস্থায় তিনজনকে হাতেনাতে আটক করে স্থানীয় প্রশাসনকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে ইউএনও ফারিয়া সুলতানা এবং পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান আহম্মদ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন।
ইউএনও ফারিয়া সুলতানা জানান, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) অনুযায়ী পাহাড় কাটার অপরাধে আটক তিন শ্রমিককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
তিনি আরও বলেন, “শ্রমিকদের দণ্ড দেওয়ার পাশাপাশি পাহাড়ের মূল মালিকের বিরুদ্ধে পরিবেশ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”