নগরের রিয়াজউদ্দিন বাজার এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে জয়দীপ দাশ (১৯) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩০ নভেম্বর) ভোর ৫টার দিকে মোটেল সৈকতের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জয়দীপ দাশ চকবাজার ১ নম্বর জয়নগর এলাকার নির্মল কান্তি দাশের ছেলে। সে মিরসরাই ডিগ্রি কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষার্থী।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশিক বলেন, রাতে পটিয়া থেকে বিয়ের দাওয়াত শেষে বাসায় ফিরছিলেন জয়দীপ। রিয়াজউদ্দিন বাজার মোটেল সৈকতের সামনে পৌঁছালে মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে ট্রাকের। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।