রাঙামাটিতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টায় ষাটোর্ধ্ব বৃদ্ধের কারাদণ্ড

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটিতে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টা ও নির্যাতনের দায়ে শহীদ মল্লিক নামে ষাটোর্ধ্ব এক বৃদ্ধকে আট বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারক এস ই এম ইসমাইল হোসেন এ রায় ঘোষণা করেন।

কারাদণ্ডের পাশাপাশি ওই বৃদ্ধকে তিন লাখ টাকা অর্থদণ্ড করা হয়। এছাড়া ভিকটিমের ডিএনএ আলামত গ্রহণে গাফিলতির দায়ে সিআইডির ডিএনএ পরীক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন আদালত।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২০ সালের ১৭ সেপ্টেম্বর রাঙামাটির নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ইউনিয়নের বগাছড়ি গ্রামে রিপন সিকদারের দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া মেয়েকে শহীদ মল্লিকের মুদি দোকানে ঘরের পণ্য কিনতে গিয়ে ধর্ষণ চেষ্টা ও নির্যাতনের শিকার হয়। পরে মেয়ের বাবা নানিয়ারচর থানায় মামলা দায়ের করলে পুলিশ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয়

রাঙামাটি জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর রফিকুল ইসলাম বলেন, শহীদ মল্লিকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে আট বছরের কারাদণ্ড এবং তিন লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। অর্থদণ্ড থেকে প্রাপ্ত টাকা বাদীর পরিবারকে দেয়া হবে। আসামি আগামী ৬০ দিনের মধ্যে টাকা পরিশোধ করতে না পারলে সম্পত্তি ক্রোক করে প্রাপ্ত অর্থ বাদিকে দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া মামলায় ব্যবহারযোগ্য আলামতের ডিএনএ পরীক্ষায় গাফিলতির কারণে সিআইডির ফরেনসিক ল্যাবরেটরি বিভাগের ডিএনএ পরীক্ষক সৌরভ দে সরকারের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছে আদালত।

মন্তব্য করুন

Your email address will not be published.