জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২০ : ‘গোর’ ও ‘বিশ্বসুন্দরী’র জয়জয়কার

চলচ্চিত্রের সবচেয়ে সম্মানজনক আসর জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ২০২০ সালের সেরাদের নাম ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে জানিয়েছে, এবার ২৭টি ক্যাটাগরিতে ৩১ জনকে এই স্বীকৃতি জানানো হচ্ছে।
এতে আজীবন সম্মাননা পাচ্ছেন খ্যাতিমান দুই বর্ষীয়ান তারকা আনোয়ারা বেগম ও রাইসুল ইসলাম আসাদ।
অন্যদিকে গুণী নির্মাতা ও অভিনেতা গাজী রাকায়েত পরিচালিত ‘গোর’ সর্বোচ্চ ১১টি পুরস্কার জিতে নিয়েছে। ৮টি পুরস্কার নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে চয়নিকা চৌধুরীর ‘বিশ্বসুন্দরী’।
এ ছবি দুটিই যৌথভাবে সেরা নির্বাচিত হয়েছে। এমনকি সেরা অভিনেতা ও অভিনেত্রী হয়েছেন এই চলচ্চিত্র দুটি থেকে। এরমধ্যে ‘বিশ্বসুন্দরী’ সিয়াম শ্রেষ্ঠ অভিনেতা ও ‘গোর’ থেকে দীপান্বিতা মার্টিন হয়েছেন শ্রেষ্ঠ অভিনেত্রী।
দেখে নেওয়া যাক ২০২০ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারগুলো—
শ্রেষ্ঠ চলচ্চিত্র— যৌথভাবে, গোর (গাজী রাকায়েত, ফরিদুর রেজা সাগর), বিশ্বসুন্দরী (অঞ্জন চৌধুরী পিন্টু)। শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র— আড়ং, শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র— বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন ও বাংলাদেশের অভ্যুদয়, শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক— গাজী রাকায়েত হোসেন (গোর), শ্রেষ্ঠ অভিনেতা— সিয়াম আহমেদ (বিশ্বসুন্দরী), শ্রেষ্ঠ অভিনেত্রী— দীপান্বিতা মার্টিন (গোর), শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা— ফজলুর রহমান বাবু (বিশ্বসুন্দরী), শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী— অপর্ণা ঘোষ (গণ্ডি), শ্রেষ্ঠ খল অভিনেতা— মিশা সওদাগর (বীর), শ্রেষ্ঠ শিশুশিল্পী— মুগ্ধতা মোর্শেদ হৃদ্ধি (গণ্ডি), শিশুশিল্পী শাখায় বিশেষ পুরস্কার— শাহাদৎ হাসান বাধন (আড়ং), শ্রেষ্ঠ সংগীত পরিচালক— বেলাল খান (হৃদয় জুড়ে), শ্রেষ্ঠ নৃত্য পরিচালক— প্রয়াত সহিদুর রহমান (বিশ্বসুন্দরী), শ্রেষ্ঠ গায়ক— ইমরান মাহমুদুল (বিশ্বসুন্দরী) শ্রেষ্ঠ গায়িকা— যৌথভাবে : দিলশাদ নাহার কণা (বিশ্বসুন্দরী), সোমনুর মনির কোনাল (বীর)।
শ্রেষ্ঠ গীতিকার— কবির বকুল (বিশ্বসুন্দরী), শ্রেষ্ঠ সুরকার— ইমরান মাহমুদুল (বিশ্বসুন্দরী), শ্রেষ্ঠ কাহিনিকার— গাজী রাকায়েত (গোর), শ্রেষ্ঠ চিত্রনাট্যকার— গাজী রাকায়েত (গোর), শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা— ফাখরুল আরেফীন খান (গণ্ডি), শ্রেষ্ঠ সম্পাদক— শরিফুল ইসলাম (গোর), শ্রেষ্ঠ শিল্প নির্দেশক— উত্তম কুমার গুহ (গোর), শ্রেষ্ঠ চিত্রগ্রাহক— যৌথভাবে : পঙ্কজ পালিত (গোর), মাহবুব নিয়াজ (গোর)।
শ্রেষ্ঠ শব্দগ্রাহক— কাজী সেলিম আহমেদ (গোর), শ্রেষ্ঠ পোশাক ও সাজসজ্জা— এনাম তারা বেগম (গোর), শ্রেষ্ঠ মেকআপম্যান— মোহাম্মদ আলী বাবুল (গোর)।
মন্ত্রণালয় জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় নিয়ে শীঘ্রই আনুষ্ঠানিকভাবে প্রদান করা হবে এই পদক।

 

অ/চৌ

মন্তব্য করুন

Your email address will not be published.