টেকনাফ প্রতিনিধি:
সেন্টমার্টিনে মেরিন পার্ক হ্যাচারিতে সংরক্ষণ করা ৬০টি বাচ্চা কচ্ছপ অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে দ্বীপের গলাচিপা পশ্চিম সৈকতে বাচ্চাগুলো সাগরে ছেড়ে দেওয়া হয়।
এসময় সেন্টমার্টিনের নেচার কনজারভেশন ম্যানেজমেন্টের (নেকম) সুপারভাইজার মাহে আলম সোহাগ ও পরিবেশ অধিদপ্তরের কর্মী আবদুল আজিজ উপস্থিত ছিলেন।
নেকম-এর সুপারভাইজার মাহে আলম সোহাগ জানান, সেন্টমার্টিন সৈকতে ৬০টি বাচ্চা কচ্ছপ অবমুক্ত করা হয়েছে। চলতি বছরে এটাই প্রথম ঘটনা।
এর আগে গত ২২ জানুয়ারি অলিভ রিডলি জাতের কচ্ছপ দ্বীপের সৈকতে ডিম দিয়েছিল। ডিমগুলো সংগ্রহ করে হ্যাচারিতে রাখা হয়েছিল। সেই ডিম ফুটে ৬০টি বাচ্চা জন্ম নিয়েছে। এগুলো সৈকতে অবমুক্ত করা হয়েছে।
এদিকে গত ১৪ ফেব্রুয়ারি দিনে দুপুরে সেন্টমার্টিন সৈকতে ওই কাছিমটি একে একে ১০৮টি ডিম ছেড়ে সাগরে ফিরে যায়। এরপর ডিমগুলো গর্ত থেকে তুলে গলাচিপা এলাকার পরিবেশ অধিদপ্তরের হ্যাচারিতে সংরক্ষণ করা হয়।