নতুন ব্রিজে বাসচাপায় শিশুর মৃত্যু, চালক-হেলপার আটক

চট্টগ্রাম নগরের নতুন ব্রিজে ৭ বছর বয়সী শিশু আদিবকে বাসচাপা দিয়ে হত্যার ঘটনায় চালক ও হেলপারকে আটক করেছে র‌্যাব।

রোববার রাত সাড়ে ৮টার দিকে নগরের বাসটার্মিনালের স্বাধীনতা পার্কের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলো— বাসচালক মো. বেলাল হোসেন ওরফে মানিক (২৩) ও হেলপার মো. সোহেল (২৩)।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র এসপি মো. আনোয়ার হোসেন ভূঁইয়া। তিনি বলেন, ৭ বছরের শিশু আদিবকে বাসচাপা দিয়ে হত্যার ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। ঘটনার পর থেকে তারা বার বার তাদের অবস্থান পরিবর্তন করতে থাকে। পরে গোপন সংবাদের ভিত্তিতে তাদের অবস্থান জানতে পেরে নগরের বাসটার্মিনালের স্বাধীনতা পার্কের সামনে থেকে তাদের আটক করা হয়।

উল্লেখ্য, শনিবার (২ এপ্রিল) দুপুর ১২টার দিকে নগরের নতুন ব্রিজ এলাকায় দ্রুতগামী বাসের চাপায় ৭ বছর বয়সী হেফজখানার শিক্ষার্থী আদিবের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আদিবের চাচা চট্টগ্রাম জেলা ফুটবল রেফারিজ এসোসিয়েশন সদস্য মো. শাহজালালও আহত হন।

আদিব চন্দনাইশ উপজেলায় মৃত সায়েম মুহাম্মদের ছেলে। সে নগরের হালিশহর থানাধীন মইন্যাপাড়া এলাকার আরেবিয়া আলেফ দারুল ফোরকান ইসলামিয়া একাডেমির হেফজখানার শিক্ষার্থী।

জানা গেছে, নতুন ব্রিজের মুখে চাচা-ভাতিজা সিএনজির জন্য অপেক্ষা করার সময় অপর পাশ থেকে দ্রুতগামী বাস এসে তাদের ধাক্কা দেয়। গুরতর অবস্থায় আদিবকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

মন্তব্য করুন

Your email address will not be published.