অক্টোবরের শেষে খুলবে বঙ্গবন্ধু টানেলের একটি টিউব

চলতি বছরের অক্টোবরের শেষ দিকে বা নভেম্বরের প্রথম সপ্তাহে কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের একটি টিউব খুলে দেওয়া হবে। এছাড়া আগামী ডিসেম্বরের মধ্যে টানেলের দ্বিতীয় টিউবটিও খুলে দেওয়ার বিষয়ে আশা প্রকাশ করেছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

(২৯ জুলাই) চট্টগ্রাম সার্কিট হাউজে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। এর আগে চট্টগ্রাম বিভাগের সকল জেলা প্রশাসক, পুলিশ সুপার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানসহ সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, টানেলের কাজ খুব সহজেই বাস্তবায়ন করা গেছে। এতো বড় একটা প্রজেক্ট; নির্ধারিত সময়ে যে বাস্তবায়ন হচ্ছে তা দেশের জন্য বড় সাফল্য। টানেলটা বাংলাদেশের জন্য মডেল হিসেবে চিহ্নিত হবে।

জ্বালানি তেলের দাম নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিশ্ববাজারে দাম কমলে ইউরোপ আমেরিকাতে দাম কমে যায়। আবার বাড়লে দাম বেড়ে যায়। কিন্তু আমাদের দেশে এই প্র্যাকটিসটা নেই। সরকার এখনও জ্বালানির দাম বাড়ার ঘোষণা দেয়নি। তবে পরিস্থিতি যদি ওই রকম হয় তখন সরকার হয়ত চিন্তা ভাবনা করবে কী করা যায়। তবে দাম এখনও বাড়ানো হয়নি।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবীতে এভাবে আর সাপ্লাই চ্যানেল বন্ধ হয়নি। স্বাভাবিকভাবে সবার ওপর একটা প্রভাব পড়বে। এটা আমাদের সবাইকে মিলেই মোকাবিলা করতে হবে। এসব বিষয় নিয়ে আজ আলোচনা করেছি।

মন্তব্য করুন

Your email address will not be published.