তরকারি বিক্রেতাকে হত্যা, একজনের মৃত্যুদণ্ড

নগরের পূর্ব মাদারবাড়ি এলাকায় ২০ বছর আগে তরকারি বিক্রেতা ইদ্রিসকে হত্যার মামলায় মোহাম্মদ শুক্কুর নামে এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ মামলায় আরেক আসামি আবুল কালামকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। রায়ের সময় দুই আসামিই পলাতক ছিলেন।

বুধবার (৩০ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের জননিরাপত্তা ট্রাইব্যুনাল বিচারক মোহাম্মদ সেলিম মিয়ার আদালত এ আদেশ দেন।

আদালত সূত্র জানায়, নগরের পূর্ব মাদারবাড়ির মেথরপট্টি এলাকায় পূর্ববিরোধের জেরে ২০০২ সালের ১৮ জানুয়ারি তরকারি বিক্রেতা মোহাম্মদ ইদ্রিসকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ভাই মোহাম্মদ শহীদ বাদী হয়ে ডবলমুরিং থানায় একটি হত্যা মামলা করেন। তদন্ত শেষে দুই আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে এই মামলার বিচার শুরু হয়। মামলায় আদালত ৬ জনের সাক্ষ্য নেন।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম বলেন, তরকারি বিক্রেতা মোহাম্মদ ইদ্রিসকে গুলি করে হত্যার মামলায় মোহাম্মদ শুক্কুর নামে এক আসামিকে মৃত্যুদণ্ড ও আরেক আসামি আবুল কালামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রায়ের সময় দুই আসামি আদালতে অনুপস্থিত ছিলেন। তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেছেন আদালত।

মন্তব্য করুন

Your email address will not be published.