পটিয়া প্রতিনিধি:
চট্টগ্রামের পটিয়ায় তুচ্ছ ঘটনার জেরে কিশোর গ্যাং এর চুরিকাঘাতে আহত আবদুল মান্নান (৫২) টানা পাঁচ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে মারা গেলেন। নিহত আবদুল মান্নান পটিয়া পৌর এলাকার ৫ নং ওয়ার্ডের হাবিবুর পাড়ার মৃত চান মিয়ার ছেলে। তার ২ মেয়ে ও ১ ছেলে আছে। শুক্রবার দুপুরে মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার বন্ধু ফজল আহমদ। তিনি আরো বলেন, গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার পেটে অপারেশন করা হয়েছে। অপারেশন পরবর্তী তাকে হাসপাতালের আইসিইউতে রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার সকাল সাড়ে দশটার সময় তিনি মৃত্যু বরন করেন। এ ঘটনায় আহত হয়েছেন কচুয়াই ইউনিয়নের শেখ মোহাম্মদ পাড়ার বদিউল আলম (৪২) নামের আরো একজন। পটিয়া থানায় ২ জনের নাম উল্লেখ করে আরো ৭-৮ জনকে আসামি করে একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেছেন সাইফুল ইসলাম বাদী হয়ে গত ১ লা ফেব্রুয়ারি। এ মামলায় কিশোর গ্যাং লিডার সোহেলের পিতা ওমর আলী (৪৬) কে গ্রেফতার করে পুলিশ। এদিকে নিহত আবদুল মান্নানের লাশ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে রাতে তার বাড়িতে নামাজে জানাজা শেষে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। মামলার বিবরন সূত্রে জানা যায়, গত ৩০ জানুয়ারি দুপুর একটার সময় পৌর সদরের ডাকবাংলো মোড় এলাকায় সিএনজি পার্কিংয়ের ইজারাদার আবদুল মান্নান সিএনজি চালক ওমর আলীর কাছ থেকে সিএনজি পার্কিংয়ের নির্ধারিত দশ টাকা পার্কিং ফি আদায় করা নিয়ে উভয়ের মাঝে বাকবিতন্ডা হয়। এসময় ওমর আলীর ছেলে কিশোর গ্যাং লিডার সোহেল তার দলবল নিয়ে ঘটনাস্থলে এসে আবদুল মান্নানের উপর এলোপাতাড়ি ছুরিকাঘাত করতে থাকেন।