পটিয়া প্রতিনিধি:
সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের পটিয়ার এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছে। ৭ মার্চ মঙ্গলবার দেশটির স্থানীয় সময় রাত ১ টার দিকে মক্কায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আবদুল আজিজ (২৮) চট্টগ্রামের পটিয়া উপজেলার আশিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড রশিদপুর এলাকার আলী আকবর মেম্বার বাড়ির আবদুল মাবুদের মেজ ছেলে। তারা তিন ভাই ১ বোন। বুধবার দুপুরে নিহত আবদুল আজিজের চাচা মো: আনোয়ার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তার মৃত্যুর খবরে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। গত দুই বছর আগে তিনি দেশে এসে দ্বিতীয় বারের মতো আবারো প্রবাসে পাড়ি দেন। এদিকে নিহত আবদুল আজিজ ৮ বছর ধরে সৌদি আরবের মক্কা নগরীতে সৌদি মালিকানাধীন বেসরকারি একটি প্রতিষ্টানে সিসিটিভি ক্যামেরার কাজে কর্মরত ছিলেন। প্রতিদিনের ন্যায় মঙ্গলবার রাত একটার দিকে সিসিটিভি ক্যামেরা স্থাপনের কাজ শেষ করে বাসায় যাওয়ার পথেই পেছন থেকে আরেকটি গাড়ি ধাক্কা দিলেই সড়ক দুর্ঘটনায় তিনি ঘটনাস্থলেই নিহত হন। নিহতের মরদেহ মক্কার কিং আব্দুল আজিজ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে দেশে আনার জন্য চেষ্টা করছেন বলে নিহতের পরিবারিক সূত্রে জানা গেছে।