মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাকে কটাক্ষের বিরুদ্ধে আইন প্রণয়নের দাবি

 

চট্টগ্রাম ব্যুরো: ১৯৭১ সালে ঐতিহাসিক বাংলাদেশর প্রথম সরকার গঠন দিবস পালন করা হয়েছে চট্টগ্রামে। মুক্তিযুদ্ধের প্রজন্ম-বৃহত্তর চট্টগ্রাম নামে একটি সংগঠনের উদ্যোগে দিবসটি পালন করেছে।

সোমবার (১০ এপ্রিল) দুপুরে নগরীর দোস্ত বিল্ডিংয়ে সংগঠনের কার্যালয়ে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সেক্টর কমান্ডারস ফোরামের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার বলেন, ‘১৯৭১ সালের ১০ এপ্রিল সত্তরের নির্বাচনে নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে স্বাধীন বাংলাদেশের প্রথম সাংবিধানিক সরকার গঠিত হয়েছিল, যা প্রবাসী বাংলাদেশ সরকার বা মুজিবনগর সরকার নামে বিশ্বে পরিচিতি লাভ করে। ২৫ মার্চ ভয়াল কালরাত্রিতে পাকিস্তানি হানাদারদের নির্বিচারে গণহত্যা ও ২৬ মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার পর বাংলাদেশ বহির্বিশ্বের কাছে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে পরিচিতি লাভ করেছিল।’

তিনি বলেন, ‘স্বাধীনতা ঘোষণার মাত্র ১৫ দিনের মাথায় সরকার গঠন হবে তা অকল্পনীয় ছিল পাকিস্তানীদের কাছে। কিন্তু দোর্দণ্ড প্রতাপে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। গঠন করা হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অস্থায়ী সরকার বা মুজিবনগর সরকার। সরকার গঠনের পর বঙ্গবন্ধু ঘোষিত স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয়।এই অস্থায়ী সরকার গঠনের মধ্য দিয়েই পরিকল্পিত কায়দায় মুক্তিবাহিনীকে সংগঠিত ও সমন্বয় সাধন করে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ পরিচালনা ও স্বাধীন বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন আদায় করেছিল মুজিবনগর সরকার।’

সভায় আলোচকরা ‘মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা’ নিয়ে কটাক্ষ ও কটুক্তির বিরুদ্ধে কঠোর আইন প্রণয়নের জন্য সরকারের প্রতি দাবি জানান।

সংগঠনের সভাপতি নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে ও আবদুল মালেক খানের সঞ্চালনায় সভায় সাইফুন নাহার খুশী, পলাশ বড়ুয়া, কামাল উদ্দিন, দীপন দাশ, রাজীব চন্দ, মোস্তাফিজুর রহমান বিপ্লব, নবী হোসেন সালাউদ্দিন, আশফাক আহমেদ বক্তব্য রাখেন।

মন্তব্য করুন

Your email address will not be published.