নগর ছাত্রলীগের সাবেক সভাপতি জাফর আহমদকে নিয়ে স্মৃতিচারণ করেছেন স্বাচিপ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. আ ম ম মিনহাজুর রহমান। ফেসবুকে তাকে নিয়ে লেখা স্মৃতিচারণ হুবুহু তুলে ধরা হলো
জাফর ভাই,আপনিও এইভাবে চলে গেলেন!
১.ক্রমাগত টুপটাপ পাতা ঝরার এই আকালে আপনিও চলে গেলেন! ’৮৭সালে,মহসিন কলেজে পড়াশুনার পাঠ চুকাচ্ছি সবে, সংগঠনের নিদারুণ টানাপোড়েনের কালে নেত্রীর নির্দেশনায় আপনাকে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের এডহক কমিটির প্রেসিডেন্ট করা হলো,সা. সম্পাদক জি.এম সাহাবুদ্দিন ভাই ও ৯জন মাত্র সদস্য,আমি সে কমিটির সবচে কনিষ্ট সদস্য, সেই থেকেই আপনি আমার সবসময়ের প্রেসিডেন্ট, জাফর ভাই।
২.এক সময়কার প্রিয় কতো অগ্রজ,অনুজ, সহযোদ্ধাদের সাথে সময় দূরত্ব বাড়িয়েছে অবলীলায়, আপনার সাথে কখনো এমন হয়নি, নিজেই খোঁজ রাখতেন, আমিও।বুকে বেদনা বয়ে বেড়াতেন, নিশ্চুপ হেঁটে যেতেন সর্বত্র,কাউকে অভিযুক্ত করতেন না,দীর্ঘ দু’যুগেরও বেশি সময় আপনি মূল দলের কোন পদবী ধারণ করতেন না, এসব নিয়ে কখনও প্রকাশ্য হাহাকার কেউ দেখেনি, হয়তো অন্তর্গত অনলে পুড়ে নীরবেই দুহাতে সরিয়েছেন ছাইভস্ম।আপনার মতোন হতে পারিনি, জাফর ভাই, ‘আমার চোখ জ্বলজ্বল করে জীবনের লোভে’, আপনার করেনি কখনো।
৩.জাফর ভাই, এই পোড়ামাটির দেশে, আপনাদের মতোন মানুষের মন পোড়া গন্ধ কেউ শুঁকে দেখে না।
যেখানে যাচ্ছেন,ভালো থাকবেন।