নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকাসহ ৫ বিভাগে দিনের সামান্য বাড়তে পারে তাপমাত্রা। কিন্তু অপরিবর্তিত থাকতে পারে বাকি অঞ্চলে তাপমাত্রা।
বুধবার (১৪ জুন) বাংলাদেশ আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়ার দেওয়া পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। একইসাথে গোপালগঞ্জ, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া অফিস বলেন, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়- ঢাকা, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে গোপালগঞ্জে ২১.৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বশেষ রেকর্ড করা সর্বোচ্চ তাপমাত্রা হচ্ছে রাজশাহীতে ৩৯ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫.১ ডিগ্রি সেলসিয়াস।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে রাজারহাটে ৫৬ মিলিমিটার।