চলাচলের রাস্তায় বেড়া, বিপাকে ৪০ পরিবার

সাতকানিয়া প্রতিনিধি:

সাতকানিয়ায় প্রতিবেশীদের চলাচলের রাস্তায় বেড়া দেওয়ায় চরম ভোগান্তির মুখে পড়েছে ৪০টি পরিবারের লোকজন।

উপজেলার ছদাহা ইউনিয়নের ১নং ওয়ার্ড উত্তর ছদাহা পাইয়ারখীলে জায়গা সংক্রান্ত বিরোধের জেরে চলাচলের রাস্তার মাঝখান দিয়ে জালের বেড়া দেওয়ার অভিযোগ উঠেছে একই এলাকার মোঃ মমতাজ মিয়া ও খালেদা বেগমের বিরুদ্ধে।

এ ঘটনার প্রতিবাদ করলে এলাবাসীর ওপর চড়াও হয় অভিযুক্তরা। এ বিষয়ে মো. আলী নামে স্থানীয় এক বাসিন্দা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, চলাচলের রাস্তার বিষয় নিয়ে মোঃ মমতাজ মিয়া ও খালেদা বেগমের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে এলাকাবাসীর। চলাচলের রাস্তা মোঃ মমতাজ মিয়া ও খালেদা বেগম তাদের বলে দাবী করলে এলাকার লোকজন তাদের দাবীর স্বপক্ষে দালিলিক কাগজপত্র উপস্থাপন করতে বলে। তারা দালিলিক কোনো কাগজপত্র উপস্থাপন করতে পারেনি। পরবর্তীতে স্থানীয় চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে এই বিষয়ে স্থানীয়ভাবে সালিশ বৈঠক হলেও তারা কোনো সালিশ বিচার মানেনি এবং বিষয়টিও মীমাংসা করা সম্ভব হয়নি। পরবর্তীতে তারা এলাকার লোকজনদের হয়রানী করার উদ্দেশ্যে আদালতে একটি মিছ মামলা দায়ের করে। মিছ মামলা নং- ৪৫৯/২০২৩ইং (সাতকানিয়া)। মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন থাকলেও  মামলা চলমান থাকা অবস্থায় বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকালে রাস্তায় জালের বেড়া দিয়ে চলাচলে বাধা তৈরি করে। এ সময় স্থানীয় মো. আলীসহ এলাকাবাসী বাধা দিলে তারা ক্ষিপ্ত হয়ে মারধর করার চেষ্টা করে। একপর্যায়ে তারা এলাকাবাসীকে প্রাণনাশের হুমকি দেয়।

এ বিষয়ে প্রতিবেশী মো. আলী বলেন, দীর্ঘদিন ধরে এলাকার লোকজন এ রাস্তা দিয়ে চলাচল করে। হঠাৎ দেখি মোঃ মমতাজ মিয়া ও খালেদা বেগম রাস্তার মাঝে জালের বেড়া দিয়েছে। আমি সহ এলাকাবাসী প্রতিবাদ করলে আমাদের মারধর করা চেষ্টা করে। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দিয়েছি।

মন্তব্য করুন

Your email address will not be published.