নিজস্ব প্রতিবেদক:
কয়েকদিনের টানা তাপদাহের পর অবশেষে স্বস্তির বৃষ্টির দেখা পেল চট্টগ্রামবাসী। এছাড়া রমজান মাস হওয়ায় রোজাদারদের মধ্যেও কিছুটা প্রশান্তি ফিরেছে।
আজ শনিবার ভোররাত থেকে মেঘের গর্জনের সাথে নগর ও জেলার বিভিন্ন উপজেলায় বৃষ্টি শুরু হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত বিভিন্ন উপজেলায় মুষলধারে বৃষ্টি হচ্ছিল।
বিগত বেশকিছুদিন ধরেই সারা দেশে তীব্র দাবদাহ চলছিল। প্রচণ্ড তাপদাহে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল। রোদের তীব্রতায় বাইরে বের হওয়ার উপায় ছিল না।
তবে আবহাওয়া অধিদপ্তর গতকাল বৃষ্টির আভাস দিলেও সকাল থেকে তীব্র রোদ ছিল চট্টগ্রামের আকাশে। দুপুর গড়িয়ে বিকাল হলেও বৃষ্টির দেখা মেলেনি। অবশেষে সেই কাঙ্ক্ষিত বৃষ্টি নামল দিবাগত রাতে। অবশেষে এই বৃষ্টিতে স্বস্তি পায় চট্টগ্রামবাসী।
এদিকে বৃষ্টি শুরু হওয়ার পর সাতকানিয়া উপজেলাসহ বিভিন্ন উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে ক্ষোভ জানিয়ে ফেসবুকে পোস্ট করেছেন অনেক বাসিন্দা।
তারা বলছেন, ঝড়ো হাওয়া ছাড়া বৃষ্টিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার কোনো মানে হয় না। রেকর্ড পরিমাণ বিদ্যুৎ উৎপাদনের সুনাম অর্জিত হলেও কিছু কর্মকর্তার কারণে সেই সুনাম ভেস্তে যেতে বসেছে। সেহেরির সময় বিদ্যুৎ বন্ধ রাখায় বেশি ক্ষোভ জানান তারা।