বিষধর সর্প রাসেল’স ভাইপার’র কথা ছড়িয়ে পড়ার সাথে সাথে উপজেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। সব বয়সী মানুষের মাঝে এ ভয়-ভীতি ও আতঙ্ক দেখা দিয়েছে।
আতঙ্কের কারণে সন্দেহবশতঃ উপজেলার পৃথক দু’ইউনিয়নের দুই এলাকার আতঙ্কিত জনগণ দুইটি অজগর সাপের বাচ্চা মেরে ফেলেছে বলে জানা গেছে। তন্মধ্যে একটি ২১ জুন দিবাগত রাত আনুমানিক ১১টায় উপজেলার চুনতি ইউনিয়নের ডেপুটি পাড়ায়। স্থানীয় ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন জনু বিষয়টি শুনেছেন বলে জানান।
অপরদিকে, ২২ জুন আনুমানিক বেলা ১২ টায় বড়হাতিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডস্থ ঘোনার মোড় এলাকার হাটখোলা মুড়া নামক স্থানে অপর একটি অজগর সাপের বাচ্চা মেরে ফেলে স্থানীয় আতঙ্কিত জনগণ। তথ্যটি নিশ্চিত করে বলেছেন ওই এলাকার মালেক শাহ ফার্মেসির মালিক দেওয়ান জাহেদ।
চুনতি অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা মাহবুব হোসেন বলেন, উপজেলার দুই জায়গায় রাসেল’স ভাইপার আতঙ্কে জনগণ দুইটি অজগর সাপের বাচ্চা মেরে ফেলেছে বলে শুনেছেন। কিন্তু লোহাগাড়ায় এখনো পর্যন্ত রাসেল’স ভাইপারের উপস্থিতি বা লক্ষ্মণ পাওয়া যায়নি বলে তিনি উল্লেখ করেন। তিনি সতকর্তা অবলম্বনের পরামর্শ দেন। বিশেষ করে রাত্রে চলাফেলার সময় হাতে টর্চ লাইট বা যে কোন আলোর শিখা নিয়ে চলাফেরার আহবান জানান। রাসেল’স ভাইপার সন্দেহে আতঙ্কিত হয়ে সাপ না মেরে তাড়িয়ে দেয়ার পরামর্শ দেন।