আরসা কমান্ডার লালু গ্রেফতার

 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরসা (ARSA)-এর কমান্ডার হিসেবে পরিচিত শীর্ষ সন্ত্রাসী জাহিদ হোসেন প্রকাশ লালুকে গ্রেপ্তার করেছে যৌথ আভিযানিক দল।

বুধবার (০৪ ফেব্রুয়ারি ২০২৬) সকাল আনুমানিক ৭টা ৩০ মিনিটে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এফডিএমএন ক্যাম্প-১ (ওয়েস্ট)-এর ভেতরে একটি চায়ের দোকান থেকে তাকে আটক করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে দুই রাউন্ড গুলিসহ একটি ফাইভ স্টার পিস্তল উদ্ধার করা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, ওয়ারেন্টভুক্ত আসামি লালু দীর্ঘদিন ধরে রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অপহরণ, চাঁদাবাজি, অস্ত্র ব্যবসাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। এছাড়া প্রাক্তন আরসা প্রধান আতাউল্লাহ জুনুনির নেতৃত্বে ক্যাম্পের ভেতরে সংঘটিত একাধিক হত্যাকাণ্ডের সঙ্গেও তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনায় সে পুনরায় সক্রিয় ছিল বলেও গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানা গেছে।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

 

মন্তব্য করুন

Your email address will not be published.