চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত সাতটি দোকান পুড়ে গেছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে বাজারের উত্তর প্রান্তে মহিলা মাদ্রাসার গেটসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আগুনে ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে রয়েছে মো. খলিলুর রহমানের ফার্নিচারের দোকান, বেলালের মেকানিকের দোকান, দিদারের রড-সিমেন্ট ও পাইপফিটারের দোকান এবং মহিউদ্দিনের ইলেকট্রনিক্সের দোকানসহ আরও কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান।
স্থানীয় ইউপি সদস্য তারেক বিন সালাম টিপু অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, এতে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত।
ফটিকছড়ি ফায়ার স্টেশনের কর্মকর্তা মনির বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুন নেভানোর কার্যক্রম এখনো চলমান রয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।
অগ্নিকাণ্ডে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।