সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে উপপরিচালক হাসান মাসুদ এর আবেগঘন বিদায়

সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে উপপরিচালক হাসান মাসুদ এর আবেগঘন বিদায় হয়েছে।

০২ মার্চ  (১৭ই ফাল্গুন) রোজ সোমবার বিকাল ৫:০০ ঘটিকায় সমাজকল্যাণ মন্ত্রনালয়াধীন সমাজসেবা অধিদফতর পরিচালিত কক্সবাজার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের উদ্যোগে প্রতিষ্ঠান প্রাঙ্গনে কক্সবাজার জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক হাসান মাসুদ কে বদলিজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতার এর সভাপতিত্বে এবং এডুকেটর এনামুল হক এর সঞ্চালনায় নিবাসী শিশু মো: নিজাম উদ্দিন এর পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যেদিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক সফি উদ্দিন মিতুল, সহকারী পরিচালক মোঃ আব্দুল আওয়াল, প্রবেশন কর্মকর্তা আবুল কালাম আজাদ, নতুন জীবন সংগঠনের প্রতিষ্ঠাতা ওমর ফারুক হিরু, সবুজবাগ জামে মসজিদের খতিব মাওলানা ইকবাল হোসাইন, বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ আইয়ুব এবং আরও অনেকে। অনুষ্ঠানে নিবাসী শিশুদের পরিবেশনায় ইসলামি সংগীত বিদায়ী অতিথিসহ উপস্থিত সকলকেই বিমোহিত করে তোলে। উপরিচালক হাসান মাসুদ কে বিদায় সংবর্ধনাকালে তার স্মৃতিচারণ করতে গিয়ে সকলেই আবেগাপ্লুত হয়ে পড়েন। পরে বিদায়ী অতিথিকে সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারী। অনুষ্ঠানের শেষভাগে বিদায়ী অতিথির সুস্থ ও দীর্ঘ জীবন কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সবশেষে উপপরিচালকসহ সকলেই মনোরম পরিবেশে শিশুদের সাথে নিয়ে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।

প্রসঙ্গত উল্লেখ্য, সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সমাজের সুবিধাবঞ্চিত, বিপন্ন,পথ শিশুদের সমাজের মূলস্রোত ধারায় ফিরিয়ে আনার প্রয়াসে নিরাপদ আশ্রয়, খাদ্য, বস্ত্র, মৌলিক স্বাস্থ্যসেবা, শিক্ষা, জীবন দক্ষতা উন্নয়ন, ধর্মীয় ও নৈতিক শিক্ষা, মনোসামাজিক সহায়তা, চিত্ত বিনোদন, কারিগরি প্রশিক্ষণ, চাকুরীতে নিযুক্তকরণের দ্বারা পুনর্বাসন, পুনএকত্রীকরণ ইত্যাদি সেবা প্রদানের মাধ্যমে নিরলসভাবে সমন্বিত সেবা কার্যক্রম পরিচালনা করে আসছে সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র।

 

মন্তব্য করুন

Your email address will not be published.