নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের রামু থেকে শ্রাবন্তী রানী দে নামের অপহৃত এক তরুণীকে উদ্ধার করে র্যাপিড একশন ব্যাটালিয়ন র্যাব-১৫।
গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১ টায় রামু রাবারবাগান এলাকায় অভিযান পরিচালনা করে তাকে উদ্ধার করা হয়।
গত ১৩ মে চট্টগ্রাম মিরসরাই থেকে অপহৃত হয় শ্রাবন্তী। সে চট্টগ্রাম মিরসরাই পৌরসভার দক্ষিণ তালবাড়িয়া এলাকার তরুণ কুমার দের কন্যা।
বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বলেন, গত ১৩ মে চট্টগ্রাম মিরসরাই পৌরসভার দক্ষিণ তালবাড়িয়া এলাকার তরুণ কুমার দের কন্যা শ্রাবন্তী রানী দে কে জোরপূর্বক বিয়ে করার জন্য অপহরণ করা হয়েছে। এমন অভিযোগে অভিযান চালিয়ে মঙ্গলবার (১৮ মে) রাত সাড়ে ১১ টায় রামু রাবারবাগান এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। তবে র্যাবের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায়।
ভিকটিমকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গত ১৩ মে সকাল ১১ টার দিকে বই-খাতা কেনার জন্য মিরসরাই বাজারে যাওয়ার পথে অছি মিয়া ব্রিজের ওপর পৌঁছালে বান্দরবান লামার বাইন্নাপাড়া এলাকার শংকর ধরের ছেলে লিটন ধরসহ চারজন অপহরণকারী জোরপূর্বক তাকে বিয়ে দেয়ার উদ্দেশ্যে রামু রাবারবাগান এলাকায় নিয়ে আসে।
বাকী তিনজন অপহরণকারী হলেন, বান্দরবান লামার বাইন্নাপাড়া এলাকার মানিক ধরের ছেলে শংকর ধর (৫৫), একই এলাকার শংকর ধরের স্ত্রী জোসনা ধর (৪৫), টেকনাফ সাবরাংয়ের গুচ্ছগ্রাম এলাকার সুশীল শীলের স্ত্রী রুমা ধর (২৫ )।
আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বলেন, উদ্ধার ভিকটিমকে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এদিকে, পলাতক অপহরণকারীদের বিরুদ্ধে ভিকটিমের মা বাদি হয়ে মিরসরাই থানায় মামলা দায়ের করেছেন।