চট্টগ্রাম সংবাদের খবর প্রকাশ : ২৪ ঘন্টার মধ্যেই বালিয়াড়ির সেই অবৈধ দখল উচ্ছেদে অভিযান
তিন একর জায়গা উদ্ধার, ডেপুটি রেঞ্জার হাবিবুল হক সুমন
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
কক্সবাজার সমুদ্র সৈকত সংলগ্ন ঝাউবাগান উজার আর বালিয়াড়ি দখল করে অবৈধভাবে তৈরি করা মৎস্য ঘেরের ঘেরা ভেঙে দিয়েছে জেলা প্রশাসনের নেতৃত্বে বনবিভাগের যৌথ অভিযানিক দল। একইসঙ্গে সেখানে তৈরি করা প্লট আর কিছু ঘরও উচ্ছেদ করা হয়েছে।
রবিবার, ১৮ এপ্রিল বিকেল ৪টা থেকে কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মনজু বিন আফনান নেতৃত্বে নাজিরারটেক সংলগ্ন সৈকতের পাশে এ অভিযান শুরু হয়।
অভিযানে ঝাউবাগান উজাড় করে ১ একরের বড় মৎস্য ঘেরটি চারপাশের ঘেরা ভেঙে দেয়ার পর ঘেরটি প্রশাসনের নিয়ন্ত্রণে নেয়ার ঘোষণা দেয়া হয়। একইসঙ্গে বালিয়াড়ি দখল করে প্লট আকারে ভাগ করা স্থান ও তৈরি ঘরও ভেঙে দেয়া হয়।
বিকেল সাড়ে ৬ টায় অভিযান বন্ধ করা হলেও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনজু বিন আফনান জানান, এ অভিযান অব্যাহত থাকবে। পুরো এলাকার দখল উচ্ছেদ না করা পর্যন্ত চলবে অভিযান।
এদিকে কক্সবাজার দক্ষিণ বনবিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা চট্টগ্রাম সংবাদকে বলেছেন বিকাল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত এই অভিযান চলেছে।
অভিযানে তিন একর জায়গা উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৭ই এপ্রিল বিকালে চট্টগ্রামের আঞ্চলিক পত্রিকা চট্টগ্রাম সংবাদ’র অনলাইন সংস্করণে ‘কক্সবাজার- উকিল সায়েমের বিরুদ্ধে বালিয়াড়িতে অবৈধ প্লট বাণিজ্যের অভিযোগ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হলেই টনক নড়ে কক্সবাজার জেলা প্রশাসনসহ বন বিভাগের।