সাতকানিয়ার ব্যবসায়ী মিজানুর রহমান হত্যা মামলার প্রধান আসামি গিয়াস গ্রেফতার

 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানার চাঞ্চল্যকর ব্যবসায়ী মুহাম্মদ মিজানুর রহমান হত্যা মামলার প্রধান পলাতক আসামি মোঃ গিয়াস (৩৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

র‌্যাব সূত্রে জানা যায়, ভিকটিম মুহাম্মদ মিজানুর রহমান সাতকানিয়া থানাধীন গারাঙ্গিয়া এলাকার বাসিন্দা এবং একজন হকার ব্যবসায়ী ছিলেন। তার দুই অপ্রাপ্তবয়স্ক পুত্র সন্তান রয়েছে। ঘটনার আগে ভিকটিমের সঙ্গে বিবাদীদের বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল বলে জানা গেছে।

মামলার বিবরণে উল্লেখ করা হয়, গত ২০ মার্চ ২০২৬ খ্রিঃ সন্ধ্যা আনুমানিক ৬টা ৩০ মিনিটে ভিকটিম তার স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে ঈদের কেনাকাটা শেষে সিএনজিযোগে বাড়ি ফিরছিলেন।

রাত আনুমানিক ৯টার দিকে সাতকানিয়া থানাধীন ১৭নং সোনাকানিয়া ইউপির মধ্য গারাঙ্গিয়া হাতিয়ারপুল এলাকার খলিফাপাড়া রবি টাওয়ার মোড়ে পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে ৮/৯টি মোটরসাইকেলে আসা ৮/১০ জন দুর্বৃত্ত সিএনজি থামিয়ে ভিকটিমকে জোরপূর্বক অপহরণ করে।

পরে তাকে সাতকানিয়া থানাধীন সোনাকানিয়া বোর্ড অফিসের পশ্চিম পাশে একটি গাছবাগানে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে দুই পায়ের ও দুই হাতের রগ কেটে গুরুতর জখম করা হয়। লাঠি ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে তাকে মারাত্মকভাবে আহত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায় হামলাকারীরা। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ২১ মার্চ ২০২৬ ইং দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে সাতকানিয়া থানায় ৫ জন এজাহারনামীয় ও ৮/১০ জন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে মামলা দায়ের করেন (মামলা নং-২০, তারিখ ২৪ এপ্রিল ২০২৬)। মামলায় পেনাল কোডের বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়।

র‌্যাব জানায়, মামলার পর থেকেই আসামিদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মামলার প্রধান আসামি মোঃ গিয়াস সাতকানিয়া এলাকায় অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে ২১ এপ্রিল ২০২৬ তারিখ আনুমানিক রাত ৩টা ৩০ মিনিটে র‌্যাব-৭, চট্টগ্রাম একটি অভিযান পরিচালনা করে সাতকানিয়া থানাধীন ঠাকুরদিঘী এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মোঃ গিয়াসকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাতকানিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব নিশ্চিত করেছে।

মন্তব্য করুন

Your email address will not be published.