ডেস্ক রিপোর্ট
কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যায় বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। র্যাব বলছে, যাত্রী সেজে ফাঁদ পেতে বুলেটের জীবন কেড়ে নেয় ছিনতাইকারী চক্র।
বুলেট হত্যায় জড়িত পাঁচজনকে গ্রেপ্তারের পর চাঞ্চল্যকর এই তথ্য পাওয়ার দাবি করেছে র্যাব।
সোমবার (২৭ এপ্রিল) কারওয়ান বাজারের র্যাবের মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী এ তথ্য জানান।
তিনি বলে, এই খুনের সঙ্গে জড়িত পাঁচ সদস্যের একটি পেশাদার ছিনতাইকারী চক্র। যাত্রী সেজে ফাঁদ পেতে তারা বুলেটের জীবন কেড়ে নেয়। জড়িত সবাই কুমিল্লার কোতোয়ালি থানার বাসিন্দা।
ইন্তেখাব চৌধুরী আরও বলেন, ছিনতাইচক্রের সদস্যরা বুলেট বৈরাগীর কাছ থেকে মোবাইল ফোনসেট, ব্যাগ, ও অল্প কিছু টাকা ছিনিয়ে নিয়ে তাকে চলন্ত সিএনজি অটোরিকশা থেকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেয়। প্রচণ্ড আঘাতজনিত কারণে মারা যান তিনি।
গত ২৪ এপ্রিল রাতে কুমিল্লার বাসায় ফিরছিলেন কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী। শেষ পর্যন্ত তার আর বাসায় ফেরা হয়নি। পরদিন সকালে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ী এলাকায় তার মরদেহ পাওয়া যায়।
চাঞ্চল্যকর এই খুনের ঘটনা পুলিশের পাশাপাশি তদন্ত শুরু করে র্যাব, ডিবি, সিআইডি ও পিবিআই। ২৬ এপ্রিল রাতে কুমিল্লার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে র্যাব।
বুলেট বৈরাগী ৪১তম বিসিএস নন–ক্যাডার পদে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগে যোগ দিয়েছিলেন। এরপর সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কুমিল্লার বিবিরবাজার স্থলবন্দরে কর্মরত ছিলেন