সৈয়দ আককাস উদদীন, চট্টগ্রাম থেকে
পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের আওতাধীন কাপ্তাই বন বিভাগের অভিযানে বিপন্ন প্রজাতির ১৬ কেজি ওজনের একটি বাঘা আইল মাছ উদ্ধার করা হয়েছে । পরে রাতে স্থানীয়দের উপস্থিতিতে কেরোসিন তেল দিয়ে মাটিতে গর্ত করে মাছটিকে পুতে ফেলা হয়।
বন বিভাগ সূত্রে জানা যায়, গতকাল সোমবার (২৭ এপ্রিল) রাতে কাপ্তাই রেঞ্জের বন বিভাগের লোকজন গোপন সুত্রের খবর পেয়ে কাপ্তাই উপজেলার জেটিঘাট হতে ৪ ফুট দৈর্ঘ্য ১৬ কেজি ওজনের একটি মহাবিপন্ন প্রজাতির বাঘা আইল মাছ উদ্ধার করেন।
চট্টগ্রাম দক্ষিণ পার্বত্য বন বিভাগের কাপ্তাই রেঞ কর্মকর্তা মামুনুর রহমান বলেন, এটি কর্ণফুলী নদী হতে কোন জেলে শিকার করে বিক্রি করার জন্য আনে। আমরা গোপন সুত্রে সংবাদ পেয়ে সন্ধ্যায় জেটিঘাট হতে মহাবিপন্ন প্রজাতির বাঘাই আইল মাছটি উদ্ধার করে রেঞ্জে নিয়ে আসি।
এটি বাংলাদেশে শিকার,পরিবহন এবং কেনাবেচা আইনত নিষিদ্ধ। এবং এটি লাল তালিকাভুক্ত। রেঞ্জ কর্মকর্তা মামুনুর আরো বলেন – পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এসএম সাজ্জাদ হোসেন এর নির্দেশ অনুযায়ী রাত সাড়ে নয়টায় উদ্ধার হওয়া মাছটি কেটে কেরোসিন তেল ঢেলে মাটিতে পুতে ফেলি,কাজটি শেষ করতে করতে ১১টা বেজে গিয়েছিল রাত।