স্টাফ রিপোর্টার
চট্টগ্রামের আনোয়ারায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১০টা ১০ মিনিটের দিকে ভিডিওটি ফেসবুকে প্রকাশ্যে আসে। চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মো. মিজানুর রহমান নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ৫৭ সেকেন্ডের ভিডিওটি পোস্ট করেন। ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, ‘শেখের বেটি আইতাছে, বীর চট্টলা শেখ হাসিনাময়।’
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একটি ব্যানার নিয়ে প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী মিছিলে অংশ নিয়েছেন। ব্যানারে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের ছবি রয়েছে। ভিডিওতে প্রকাশের তারিখ হিসেবে ২৭ আগস্ট ২০২৬ উল্লেখ করা হয়েছে।
মিছিল থেকে ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘জঙ্গিবাদের আস্তানা পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও’ এবং ‘আইতাছে রে আইতাছে, শেখ হাসিনা আইতাছে’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
স্থানীয় সূত্রের দাবি, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মো. মিজানুর রহমানের নেতৃত্বে মিছিলটি বের করা হয়। উপজেলার চট্টগ্রাম-আনোয়ারা-বাঁশখালী (পিএবি) প্রধান সড়কের কালাবিবির দিঘীর মোড়সংলগ্ন এলাকায় স্বল্প সময়ের জন্য মিছিলটি অনুষ্ঠিত হয়। ব্যানার নিয়ে কয়েক গজ এগিয়ে স্লোগান দেওয়ার পর অংশগ্রহণকারীরা দ্রুত বিভিন্ন দিকে চলে যান।
এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, বিভিন্ন মাধ্যমে বিষয়টি পুলিশের নজরে এসেছে। তবে ঘটনাটি কখন এবং ঠিক কোথায় ঘটেছে, সে বিষয়ে এখনো বিস্তারিত নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।