তেহরিক-ই-তালিবান পাকিস্তানের সাথে সম্পৃক্ততা, যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার

কক্সবাজারের টেকনাফে তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে মাহমুদ উল্লাহ (২০) নামে এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মাহমুদ উল্লাহ টেকনাফের জাদিমুড়া ২৪ নম্বর ক্যাম্পের বাসিন্দা।

 

মঙ্গলবার (৫ মে) ভোরে তাকে গ্রেপ্তার করা হয় এবং একই দিনে তাকে কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম।

 

পুলিশ সূত্রে জানা গেছে, টেকনাফ থানা পুলিশের একটি দল ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তার ব্যবহৃত মোবাইল ফোন তল্লাশি করে টিটিপির সঙ্গে সংশ্লিষ্ট একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে সক্রিয় থাকার প্রমাণ পাওয়া গেছে। এছাড়া তার ফোনে বিভিন্ন সন্দেহজনক বার্তা ও ডকুমেন্ট পাওয়া যায়, যা থেকে প্রাথমিকভাবে টিটিপির সঙ্গে তার সম্পৃক্ততার তথ্য নিশ্চিত হওয়া গেছে।

 

ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গোয়েন্দা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের তথ্য-প্রযুক্তি সহায়তায় তাকে শনাক্ত করা সম্ভব হয়েছে। তার মোবাইল ফোনে পাওয়া তথ্য-উপাত্ত বর্তমানে যাচাই-বাছাই করা হচ্ছে।

 

এই ঘটনায় মাহমুদ উল্লাহর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করা হয়েছে এবং তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। জব্দকৃত ডিভাইস থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে এই ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে পুলিশের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.