পদের প্রলোভনে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ ২ এনসিপি নেতার বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা আবু সাঈদ মোহাম্মদ সুজা উদ্দিন ও চট্টগ্রামের নেত্রী সাদিয়া আফরিনের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন দলটির পদপ্রত্যাশী এক নারী কর্মী। তার অভিযোগ, পদ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তাকে নগরীর একটি অভিজাত হোটেলের বারে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাকে অস্বস্তিকর ও অনৈতিক প্রস্তাব দেওয়া হয়।

আজ শুক্রবার (২০ জুন) চট্টগ্রামের কাজীর দেউড়ির একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ তুলে ধরেন তিনি। পরে তিনি চকবাজার থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেন।

ভুক্তভোগী নারী নিজেকে জুলাই গণঅভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণকারী এবং এনসিপির কর্মী হিসেবে পরিচয় দেন। তিনি দাবি করেন, গেল ১৪ জুন সন্ধ্যায় সাদিয়া আফরিন তাকে সাংগঠনিক বৈঠকের কথা বলে নগরীর পেনিনসুলা হোটেলের রুফটপ বারে নিয়ে যান।

তার ভাষ্য অনুযায়ী, সেখানে গিয়ে তিনি আবু সাঈদ মোহাম্মদ সুজা উদ্দিনসহ কয়েকজনকে দেখতে পান। তিনি অভিযোগ করেন, সেখানে তাকে মদ্যপান ও ধূমপানে উৎসাহিত করা হয় এবং অস্বস্তিকর আচরণের শিকার হন। পরিস্থিতি অনুকূল না হওয়ায় তিনি স্থান ত্যাগ করেন।

তিনি আরও অভিযোগ করেন, পদ-পদবি ও রাজনৈতিক সুবিধার প্রলোভন দেখিয়ে তাকে প্রভাবিত করার চেষ্টা করা হয় এবং পরে তিনি বিষয়টি নিয়ে থানায় জিডি করেন।

জিডির বিষয়টি নিশ্চিত করেন চকবাজার থানার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. মেহেদী হাসান সৈকত। তিনি বলেন, জিডি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে, এনসিপির পক্ষ থেকে এক নেতা অভিযোগটি “ষড়যন্ত্র” বলে দাবি করেছেন। তিনি বলেন, অভিযোগকারী মাত্র কয়েক মিনিট সেখানে ছিলেন এবং ঘটনাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

পেনিনসুলা হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের রুফটপে বার রয়েছে এবং ঘটনার বিষয়ে পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে।

মন্তব্য করুন

Your email address will not be published.