সাতকানিয়ায় সুপারি গাছ থেকে অজগর ও ঘর থেকে গোখরা সাপ উদ্ধার

 

ডেস্ক রিপোর্ট

চট্টগ্রামের সাতকানিয়ায় সুপারি গাছ থেকে একটি ৭ ফুট লম্বা অজগর ও বসতঘর থেকে ৪ ফুট লম্বা একটি পদ্ম গোখরা সাপ উদ্ধার করা হয়েছে। পরে সাপ দুটিকে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের মাদার্শা বিটের বনাঞ্চলে অবমুক্ত করা হয়।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

জানা গেছে, স্থানীয়রা মঙ্গলবার সকালে সাপ দুটি দেখতে পেয়ে পার্শ্ববর্তী আমিলাইশ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ আমিলাইশ গ্রামের যুবক ও ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেস্কিউ টিম ইন বাংলাদেশের সদস্য মতিউর রহমান জিহাদকে খবর দেন। এরপর তিনি ঘটনাস্থলে এসে সাপ দুটি উদ্ধার করে নিরাপদ জায়গায় রাখেন। পরবর্তীতে বন বিভাগকে খবর দেওয়া হলে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের আওতাধীন মাদার্শা রেঞ্জের কর্মকর্তারা সাপ দুটি মাদার্শা বিটের একটি বনাঞ্চলে অবমুক্ত করেন।

মতিউর রহমান জিহাদ বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে প্রথমে সাপ দুটি উদ্ধার করেছি। এরপর বন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মাদার্শা বিটের একটি বনাঞ্চলে গিয়ে সাপ দুটি অবমুক্ত করেছি।

মাদার্শা রেঞ্জ বন কর্মকর্তা নাজমুল হোসেন বলেন, উদ্ধারকৃত অজগর সাপটির দৈর্ঘ্য ৭ ফুট ও পদ্ম গোখরা সাপটির দৈর্ঘ্য ৪ ফুট। পরবর্তীতে সাপ দুটি মাদার্শা বিটের একটি বনাঞ্চলে অবমুক্ত করা হয়েছে।

সাপ দুটি অবমুক্তকালে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষণ (পদুয়া রেঞ্জ) দেলোয়ার হোসেন ও মাদার্শা বিট কর্মকর্তা মিতা তঞ্চঙ্গ্যা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

Your email address will not be published.