নাজিম উদ্দীন ফটিকছড়ি (চট্টগ্রাম)
চট্টগ্রামের ফটিকছড়িতে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের সহযোগী হিসেবে পরিচিত ‘শুটার’ ডাবা হারুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর এলাকার একটি চা দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল আলম খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশের তথ্যমতে, গ্রেপ্তার ডাবা হারুণ মানিকপুর এলাকার বাসিন্দা এবং স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি এলাকায় ডেভিড ইমনের সহযোগী হিসেবে পরিচিত ছিলেন এবং তার হয়ে ‘শুটার’ হিসেবে কাজ করতেন বলে পুলিশের দাবি।
পুলিশ জানায়, ডেভিড ইমনের সহযোগীদের গ্রেপ্তারে চলমান অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ডাবা হারুণকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে ডেভিড ইমনের সঙ্গে তার সম্পৃক্ততা এবং সাম্প্রতিক বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে তার ভূমিকা সম্পর্কে তথ্য জানার চেষ্টা চলছে।
ফটিকছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সুমন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাবা হারুণকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক হত্যাকাণ্ডসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
পুলিশ বলছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে থাকা অভিযোগগুলো যাচাই-বাছাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।