ওসমান গনি, ভ্রাম্যমাণ প্রতিনিধি :
বান্দরবানের আলীকদম সেনাজোনের উদ্যোগে মুরুং কমপ্লেক্সে বিভিন্ন সম্প্রদায়ের শিক্ষার্থীদের জন্য কম্পিউটার প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
১৩ সেপ্টেম্বর (রবিবার) মুরুং কমপ্লেক্সে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম সেনাজোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ ফরহাদুর রহমান, পিএসসি ও বিশেষ অতিথি ছিলেন আলীকদমের সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কালাম এবং মুরুং কল্যাণ ছাত্রাবাসের পরিচালক ইয়ংলক মুরুং। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সংশ্লিষ্ট কর্মকর্তা এবং বিভিন্ন সম্প্রদায়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, দুর্গম পার্বত্য এলাকার বিভিন্ন সম্প্রদায়ের শিক্ষার্থীদের আধুনিক তথ্যপ্রযুক্তির সঙ্গে পরিচিত করা এবং তাদের কম্পিউটার দক্ষতা বৃদ্ধির লক্ষ্যেই এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা কম্পিউটারের মৌলিক ব্যবহারসহ তথ্যপ্রযুক্তি বিষয়ে প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জনের সুযোগ পাবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে শিক্ষার পাশাপাশি তথ্যপ্রযুক্তি বিষয়ে দক্ষতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। পার্বত্য এলাকার শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর শিক্ষায় এগিয়ে নিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করেন আয়োজকরা।