চট্টগ্রামে কঠোর লকডাউনে বিধিনিষেধ না মানায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) নগরের ১৬ থানা ও ট্রাফিক বিভাগ মিলে ৮৮টি মামলা ও ৫৪টি গাড়ি আটক করেছে। বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৬টা থেকে সারাদেশে কঠোর লকডাউন চলছে।
এবারের কঠোর লকডাউনে পুলিশ, র্যাব-বিজিবির সঙ্গে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। চট্টগ্রাম নগরের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করেছে পুলিশ। জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর বের হলে তাদের আটক করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ২১ জনকে আটক করা হয়েছে। এদের সবার বিরুদ্ধে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে সিএমপির মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার (এডিসি) আরফাতুল ইসলাম বলেন, লকডাউন অমান্য করে বিনা প্রয়োজনে গাড়ি নিয়ে বাসা থেকে বের হাওয়ায় ট্রাফিক বিভাগ ৭৯টি মামলা করেছে। একই সময়ে ডবলমুরিং থানায় ১০টি মামলা হয়। মোট ৭৯টি গাড়ি মামলা করা হয়েছে।
তিনি বলেন, লকডাউন অমান্য করে বিনা প্রয়োজনে বাসা থেকে গাড়ি নিয়ে বের হাওয়াতে ট্রাফিক বিভাগ ৪৯টি গাড়ি আটক করেছেন। একই সময়ে ডবলমুরিং থানা ৫টি গাড়ি আটক করেছে। মোট ৫৪টি গাড়ি আটক করা হয়েছে।