মিরসরাইয়ে ৪০ ফুট উঁচু গাছের ডালে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দিয়েছে এক যুবক। তার নাম আরিফুল ইসলাম (২৭)। নিহত আরিফ ওই গ্রামের সফি উল্লাহ মোল্লা বাড়ির আবুল কাশেমের ছেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
সোমবার (১৮ অক্টোবর) সকাল ৬টার দিকে উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব হিঙ্গুলী গ্রামের সফি উল্লাহ মোল্লা বাড়ির সামনের সেগুন বাগানে এ ঘটনা ঘটে৷
স্থানীয়রা জানান, সোমবার ভোর ৬টার দিকে এলাকার লোকজন সফি উল্লাহ মোল্লা বাড়ির সামনে সেগুন বাগানের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় আরিফকে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তারা পুলিশে খবর দেন। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর হোসেন মামুন বলেন, এ রকম একটা ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি আরিফ নামের এক যুবক প্রায় ৪০ ফুট ওপরে ঝুলে আছে। পরে গাছ থেকে উদ্ধার করি।
ছেলেটি মাদকাসক্ত ছিল। ছিল মানসিক সমস্যাও। মাদকসেবন করতে না পেরে আত্মহত্যা করেছে বলে জানা গেছে।