ফটিকছড়িতে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ সন্ত্রাসী হামলা, ৯৯৯-এ ফোন পেয়ে নারীদের উদ্ধার করল পুলিশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 

 

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সমিতিরহাট ইউনিয়নে এক দুবাই প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৫ জুলাই) ভোর আনুমানিক ৫টার দিকে ইউনিয়নের ছাদেক নগর গ্রামের মোয়াজ্জেম কাজীর বাড়িতে এ হামলা চালানো হয়। এ সময় সশস্ত্র সন্ত্রাসীরা বাড়িতে ব্যাপক ভাঙচুর করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। প্রাণভয়ে ঘরের ভেতর অবরুদ্ধ নারীরা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে ফটিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে।

 

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, ভোরে ৪০ থেকে ৫০ জনের একটি সংঘবদ্ধ সশস্ত্র দল দুবাই প্রবাসী রিদুয়ানের বাড়িতে হামলা চালায়। হামলাকারীদের অধিকাংশের মাথায় হেলমেট ছিল এবং কয়েকজনের মুখ খোলা ছিল। বাড়িতে প্রবেশের পর তারা আশপাশের অন্যান্য ঘর বাইরে থেকে তালাবদ্ধ করে দেয়, যাতে কেউ এগিয়ে এসে বাধা দিতে না পারে।

 

এরপর সন্ত্রাসীরা আধুনিক গ্রাইন্ডার মেশিন ব্যবহার করে প্রবাসীর ঘরের দরজা-জানালা কেটে ভেতরে প্রবেশ করে। এ সময় ঘরে থাকা প্রবাসীর মা রেনু আকতার ও তার স্ত্রী বাধা দেওয়ার চেষ্টা করলে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র উঁচিয়ে ভয়ভীতি প্রদর্শন করে এবং তাদের ব্যবহৃত মোবাইল ফোন কেড়ে নেয়। পরে তারা প্রাণ বাঁচাতে পাশের একটি কক্ষে আশ্রয় নিয়ে দরজা বন্ধ করে দেন। সেখান থেকেই কৌশলে ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশের সহায়তা চান।

 

ভুক্তভোগী রেনু আকতার অভিযোগ করে বলেন, “সন্ত্রাসীরা আমাদের মোবাইল ফোন নিয়ে নেয়, আশপাশের ঘরগুলো তালাবদ্ধ করে দেয় এবং ছুরি দিয়ে আঘাত করার চেষ্টা করে। পরে আমরা পাশের একটি কক্ষে আশ্রয় নিয়ে দরজা বন্ধ করি। পুলিশ এসে আমাদের উদ্ধার করেছে। তারা আলমারি ভেঙে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে। এছাড়া ঘরের ইটের দেয়ালেরও ব্যাপক ক্ষতি করেছে।”

 

ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের মধ্যে ক্ষোভেরও সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবার জানিয়েছে, তারা এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

 

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, “ভোররাতে ৯৯৯ থেকে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায় এবং অবরুদ্ধ নারীদের উদ্ধার করে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। লিখিত অভিযোগ পাওয়ার পর জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

মন্তব্য করুন

Your email address will not be published.