জেএমসেন পূজামণ্ডপে হামলা : এক দিনের রিমান্ডে গ্রেফতার ১৬ জন

চট্টগ্রামের জেএমসেন হল পূজামণ্ডপে হামলার চেষ্টা ও ব্যানার-পোস্টার ছেঁড়াসহ পুলিশের ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতার ১৬ জনের এক দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রিমান্ডে নেওয়া আসামিরা হলেন, দেলোয়ার হোসেন, মাসুদ পারভেজ, মো. হুমায়ুন, জাবেদুল ইসলাম, ইফতেখার উদ্দিন, তৌহিদুল আলম, খালিদ বিন ওয়ালিদ, সৈয়দ মঈন উদ্দিন, মো. রাসেল, ওমর ফারুক, নুরুল ইসলাম, মো. সোহাগ, আইয়ুব আলী, আমির হোসেন ও খোরশেদ আলম।

সোমবার (২৫ অক্টোবর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হোসেন মোহাম্মদ রেজা শুনানি শেষে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) মো. কামরুল হাসান।

তিনি বলেন, কোতোয়ালি থানায় দায়ের করা মামলায় ১৬ আসামিকে জিজ্ঞাসাবাদ করতে ৭ দিন করে রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত প্রত্যেক আসামির এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, ১৫ অক্টোবর জুমার নামাজের পর আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সামনে একটি প্রতিবাদ সমাবেশ থেকে একদল লোক জেএমসেন হল পূজামণ্ডপের গেট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা চালায়। এ সময় তারা ঢিল ছুড়ে এবং মণ্ডপের ব্যানার ছিঁড়ে ফেলে। ফাঁকা গুলি ছুড়ে এবং লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ।

এ ঘটনায় পর দিন ১৬ অক্টোবর ৮৩ জনের নাম উল্লেখ করে কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়। মামলা অজ্ঞাতনামা আরও অন্তত ৫০০ জনকে আসামি করা হয়। কোতোয়ালি থানার এসআই আকাশ মাহমুদ ফরিদ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলাটি দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে যুব অধিকার পরিষদের ৯ নেতাকর্মীসহ ১০০ জনকে গ্রেফতার করে। এর মধ্যে একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

মন্তব্য করুন

Your email address will not be published.