ভাড়া নিয়ে ঝগড়া, যাত্রীকে বাস থেকে ফেলে দেওয়ার অভিযোগ

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম নগরীতে ভাড়া নিয়ে ঝগড়ার জেরে এক যাত্রীকে বাস থেকে ফেলে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। জরুরি সেবা নম্বর ট্রিপল নাইনে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত যাত্রীকে উদ্ধার করে। পরে ওই বাসের চালক ও সহকারীকে গ্রেফতার করা হয়। শুক্রবার (১২ নভেম্বর) রাতে নগরীর কোতোয়ালী থানার ইস্পাহানির মোড় এলাকায় এ ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।

আটক দুইজন হলেন— বাসচালক মো. হাসান (২৯) ও সহকারী মো. আশরাফ (১৮)। বাসযাত্রী মো. আব্দুল হামিদ (৫১) নগরীর রেলস্টেশন এলাকার বয়লার কলোনির বাসিন্দা।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দীন জানান, শুক্রবার রাতে আব্দুল হামিদ নগরীর বাহদ্দারহাট থেকে টাইগারপাসে আসার জন্য ১০ নম্বর রুটের বাসে ওঠেন। তিনি পাঁচ টাকা ভাড়া দেন। তখন সহকারী তার কাছ থেকে আরও তিন টাকা বাড়তি ভাড়া দাবি করেন। এ নিয়ে দুইজনের মধ্যে ঝগড়া শুরু হয়। ঝগড়ার একপর্যায়ে নগরীর ইস্পাহানির মোড় এলাকায় বাস পৌঁছানোর পর সহকারী আশরাফ যাত্রী আব্দুল হামিদকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেন। এরপর বাসটি টাইগারপাসের দিকে এগিয়ে যায়। স্থানীয়রা বিষয়টি দেখে ট্রিপল নাইনে ফোন করে পুলিশের কাছে এ বিষয়ে অভিযোগ করেন।

তিনি বলেন, আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। যাত্রী আব্দুল হামিদকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। স্থানীয়রা টাইগারপাসে বাসটি ঘিরে রাখে। আমরা চালককে আটক করি। কিন্তু সহকারী পালিয়ে যেতে সক্ষম হয়। শনিবার সকালে ফের টাইগারপাস এলাকায় অভিযান চালিয়ে আশরাফকে আটক করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে ওসি জানিয়েছেন।

মন্তব্য করুন

Your email address will not be published.