সাতকানিয়া প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শিল্পপতি আলহাজ্ব দেলোয়ার হোসেনসহ তার দুই সন্তানকে চাঁদাবাজির অভিযোগ এনে কক্সবাজার বাহার ছড়ার জনৈক নুরুল আলম থেকে অনৈতিক সুবিধা নিয়ে কক্সবাজার সদর থানার ওসি শেখ মুনির উল গিয়াস এর অপসারণের দাবীতে সাতকানিয়ার সর্বস্তরের জনগনের পক্ষ থেকে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ পালন করা হয়েছে। আজ সোমবার (১৫ নভেম্বর) বেলা সাড়ে ১২টায় উপজেলাধীন কেরানিহাট হক টাওয়ারের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসুচি পালন করা হয়। চট্টগ্রাম দক্ষিনজেলা ছাত্রলীগের সদস্য সৈয়দ আক্কাস উদ্দীন এর সঞ্চালনায় উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাষ্টার ফরিদুল আলম,মোজাম্মেল হক,সাতকানিয়া পৌরসভা ছাত্রলীগের আহবায়ক মোহাম্মদ ইদ্রিস প্রমুখ।বক্তারা বলেন ,গত ৮ নভেম্বর (সোমবার) রাতে কক্সবাজার জেলা সদরের আধুনিক কলাতলীর স্বপ্নদ্রষ্টা পুরো বাংলাদেশের পর্যটন খাতের সর্ববৃহত্তম প্রকল্প ওয়ার্ল্ডবীচ রিসোর্টের মালিক শিল্পপতি আলহ্বাজ দেলোয়ার হোসেন ও তার দুই পুত্র ওমর ফারুক ও ইমরান ফারুক ফয়সালকে ওয়ার্ল্ডবীচ রিসোর্টের একাংশের ল্যান্ড ওনার নুরুল আলমের যোগসাজশে সদর থানার ওসি শেখ মুনির উল গিয়াস চাদাঁবাজির মামলা গ্রহণ করে কোর্টে প্রেরণ করেন। প্রবীন এই আওয়ামী লীগ নেতা ও শিল্পপতি আলহাজ্ব দেলোয়ার হোসেনকে ২০লাখ টাকার চাঁদাবাজি মামলা দিয়ে পুরো পুলিশ প্রশাসনকেই কলুষিত করলেন ওসি সদর কক্সবাজার। মানববন্ধনে বক্তারা আরো বলেন অবিলম্বে জননেত্রী ও মানবতার মা শেখ হাসিনার ঘোষিত আধুনিক পর্যটনখাতকে বাস্তবায়ন করতে কক্সবাজার সদর থেকে ওসি গিয়াসকে অপসারণ পূর্বক তদন্ত করে মিথ্যা মামলা প্রত্যাহার করা হোক। পাশাপাশি জনৈক নুরুল আলমের বিরুদ্ধে আধুনিক পর্যটন নগরী গড়ে তোলার বিরোধী অপচেষ্টা রুখে দেয়া হোক।