শীতের বৃষ্টিতেও চট্টগ্রামের নিম্নাঞ্চলে জলাবদ্ধতা

অনলাইন ডেস্ক:
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে থেমে থেমে হালকা থেকে সকাল থেকে মাঝারি মাত্রার বৃষ্টি হচ্ছে চট্টগ্রামে। আর এই অল্প বৃষ্টিতেই চট্টগ্রাম নগরের নিম্নাঞ্চল ডুবে ভোগান্তিতে পড়েছে নগরের মানুষ। প্রবর্তক মোড়, হালিশহর, চকবাজার ও কাতালগঞ্জের কয়েকটি স্থানে পানি জমে জনদুর্ভোগ পৌঁছেছে চরমে।

এছাড়াও বহদ্দারহাট, বাদুরতলা, কাপাসগোলা, চকবাজার, কাতালগঞ্জ, বাকলিয়া, ষোলশহর দুই নম্বর গেইট, মুরাদপুর, আগ্রাবাদসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতায় যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে।

তবে সিটি করপোরেশনের কর্তারা বলছেন, অসময়ের বৃষ্টিতে নালা-নর্দমায় প্রতিবন্ধকতার কারণে পানি জমছে। একইসাথে বড় খালগুলোর সংস্কার কাজ চলমান থাকায় পানি সরে যাওয়ার অবস্থা নেই।

এদিকে, রোববার গভীর রাত থেকে সোমবার (৬ ডিসেম্বর) বিকাল ৩টা পর্যন্ত ৫৫ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করে আবহাওয়া অফিস। মাঝারি থেকে ভারি এই বৃষ্টিতে চকবাজার ও কাতালগঞ্জ এলাকার সাধারণ মানুষই পানির কারণে বেশি দুর্ভোগে পড়েছে। তবে থেমে থেমে বৃষ্টি হওয়ায় কয়েক জায়গার পানি নেমে গেছে।

কাতালগঞ্জ এলাকার বাসিন্দা পার্থ বলেন, ‘জাওয়াদের কারণে বৃষ্টি হচ্ছে আর এই সামান্য বৃষ্টিতে রাস্তায় প্রায় হাঁটু পানি জমে গেছে। অফিসে যাওয়ার জন্য বের হয়ে যানবাহন পেতে ভোগান্তিতে পড়তে হয়েছে। তার উপর হালকা ঠান্ডাও লাগছে। থেমে থেমে বৃষ্টিতে এই হাল হলে টানা বৃষ্টি হলে আমাদের কি হবে?

পতেঙ্গা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শেখ ফরিদ আহমেদ বলেন, ‘ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ সক্রিয় থাকায় এ বৃষ্টিপাত হয়েছে। আগামী দুই-একদিন তা অব্যাহত থাকতে পারে। বেলা ৩টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় মোট ৫৫.৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। দিনভর এমন আবহাওয়া বিরাজ করবে। এছাড়াও কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে রাত ১২টার পর আবহাওয়ার পরিবর্তন হতে পারে।

অল্প বৃষ্টিতে পানি জমে যাওয়া প্রসঙ্গে চট্টগ্রাম সিটি করপোরেশনের জলাবদ্ধতা স্ট্যান্ডিং কমিটির সভাপতি কাউন্সিলর মোবারক আলী বলেন, শুষ্ক মৌসুম ভেবে সেনাবাহিনী বড় খালগুলোর কাজ করছে তাই পানি যাওয়ার মতন অবস্থা নাই। এটা একটা আনশিডিউল বৃষ্টি। সচারাচর এই সময়ে বৃষ্টি হয়না ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টি হচ্ছে। নালা-নর্দমায় পলিথিনসহ বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে পানি জমেছে। তবে সিটি করপোরেশন জলাবদ্ধতা নিরসনে কাজ করছে। আগামীতে এই সমস্যা থাকবে না।

চট্টগ্রাম সংবাদ/ আই এইচ।

মন্তব্য করুন

Your email address will not be published.