নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের বোয়ালখালীর আহলা দরবার শরীফের পীর ফকির মাওলানা মজহারুল ইসলাম প্রকাশ ইসলাম মাওলা’র ৩৯তম ওরশ অনুষ্ঠিত হবে আগামী ১৪ ডিসেম্বর। এ উপলক্ষে আহলা দরবার শরীফে শুরু হয়েছে প্রস্তুতি। আঞ্জুমানে আছাদিয়া ইসলামিয়া খেদমত পরিষদ, বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও আহলা দরবার শরীফের শাহজাদা সৈয়দ মোহাম্মদ কুতুবউদ্দিন রাসেল এ বিষয়ে বলেন, ‘আগামী ১৪ ডিসেম্বর আহলা দরবার শরীফের ফকির মাওলানা মজহারুল ইসলাম প্রকাশ ইসলাম মাওলা’র ৩৯তম ওরশ আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে বোয়ালখালীর আহলা দরবার শরীফের গাউছিয়া আছাদিয়া ইসলামিয়া মঞ্জিলে মিলাদ মাহফিল, ছ্যামা মাহফিলসহ বড় পরিসরে ওরশের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। ওরশ উপলক্ষে আগত দরবারের ভক্তবৃন্দের সুবিধার্থে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি শুরু হয়েছে।’ জানা গেছে, বিখ্যাত দরবেশ হযরত সুলতান আহমেদ বোগদাদী, হযরত শেখ মুহাম্মদ গৌরী ও মামা-ভাগিনা আল আরাবী’র স্মৃতিবিজড়িত ৫০০ বছরের ঐতিহ্যের ধারক আহলা দরবার শরীফ। আহলা দরবারের অন্যতম প্রধান ওলী হলেন উপমহাদেশের বিখ্যাত সুফী সাধক হযরত গাউছুল আযম শাহ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী’র দ্বিতীয় প্রধান খলিফা হযরত কাজী আছাদ আলী শাহ ছাহেব কেবলা। তাঁর প্রথম সন্তান হলেন আহলা দরবার শরীফের পীর ফকির মাওলানা মজহারুল ইসলাম ছাহেব প্রকাশ ইসলাম মাওলা।
চট্টগ্রাম সংবাদ/ আই এইচ।