চট্টগ্রামের সাতকানিয়ার বহুল আলোচিত চেয়ারম্যান আমজাদ হোসেন হত্যা মামলায় জসীম উদ্দীন ওরফে জসীম (৪৫) নামে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল মঙ্গলবার রাতে কক্সবাজারের পেকুয়া শিকদার পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জসীম চকরিয়ার উজানটিয়া এলাকার মৃত মোক্তার আহমদের ছেলে।
র্যাব জানায়, সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেন হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জসিম উদ্দীন কক্সবাজার জেলার পেকুয়া থানার শিকদার পাড়া এলাকায় অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় র্যাব ৭ এর একটি টিম। সেখানে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে র্যাব সদস্যরা ধাওয়া দিয়ে তাকে গ্রেপ্তার করে।
র্যাব ৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নিয়াজ মুহাম্মদ চপল এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
এরআগে গত ১৩ নভেম্বর চট্টগ্রামের সাতকানিয়া সদর ইউনিয়নে অভিযান চালিয়ে মামলার অন্যতম আসামি সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বশির আহমদকে গ্রেপ্তার করে র্যাব। একই দিন রাত ২টা ৪০ মিনিটের দিকে তাকে সাতকানিয়া থানায় হস্তান্তর করলে পুলিশ আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
১৯৯৯ সালের ৩ অক্টোবর রাত সোয়া ১২টার দিকে সাতকানিয়া উপজেলার মির্জাখীল দরবার শরিফের ওরস চলাকালে সোনাকানিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমজাদ হোসেনকে (৪৫) গুলি করে হত্যা করা হয়।
ওই ঘটনায় তার স্ত্রী সৈয়দা রওশন আকতার বাদী হয়ে সাতকানিয়া থানায় এই হত্যা মামলা দায়ের করেন।
গত বছরের ডিসেম্বরে আদালত ওই মামলায় আওয়ামী লীগ নেতা বশির আহমেদনও ভাগিনা সাতকানিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান নেজাম উদ্দীনসহ ১০জনকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। এছাড়া পাঁচজনকে যাবজ্জীবন দিয়ে হত্যাকাণ্ডে চার আসামির সংশ্লিষ্টতা পাওয়া নয়া যাওয়ায় খালাসের আদেশ দেন আদালত।