আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সাতকানিয়ার খাগরিয়ায় সহিংসতা ও নাশকতার খবর পাওয়া গেছে।এলডিপি প্রার্থী জসিম উদ্দিনের বিরুদ্ধে নৌকার প্রার্থী আকতার হোসেনের বাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ ও অতর্কিত হামলার অভিযোগ উঠেছে।
শুক্রবার (২৮ জানুয়ারি) সকালে সাতকানিয়ার খাগরিয়া ভোর বাজারস্থ খাগরিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী আকতার হোসেন সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
সংবাদ সম্মেলনে আকতার হোসেন বলেন, চেয়ারম্যান পদপ্রার্থী জসিম উদ্দীন একের পর এক সন্ত্রাসী কার্যকলাপ ঘটিয়ে খাগরিয়াকে আতংকের জনপদে পরিণত করেছে ও সাধারণ লোকের মাঝে ভীতির সঞ্চার করছেন। নির্বাচনী আচরণ বিধি অমান্য করে ৪০ গজের মধ্যে আমার নির্বাচনী ক্যাম্পের পার্শ্ববর্তী নতুন ক্যাম্প স্থাপন করে ঝগড়ার পরিবেশ সৃষ্টি করে এলাকাকে অশান্ত করার পায়তারায় লিপ্ত রয়েছে। জসিম ও তার সমর্থকরা সাইরেন বাজিয়ে আমার নির্বাচনী ক্যাম্প ভাংচুর করেছে এবং আমার বাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ ও ইট পাটকেল ছুঁড়ে।এতে জনসাধারণ আতংকিত হয়ে পড়ে এবং আমার সমর্থকরা জীবন রক্ষার্থে পরে তাদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়
আকতার হোসেন আরো বলেন, আমি চেয়ারম্যান থাকাকালীন কোনদিন দুর্নীতির আশ্রয় নিইনি এবং আমার পরিষদের কাউকেও দুর্নীতি করতে দিইনি। নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে টাকা এনে দুর্যোগ মোকাবেলায় সরকারি ত্রাণের পাশাপাশি ব্যক্তিগত ভাবেও সহায়তা করেছি এলাকাবাসীকে।
এ সময় উপস্থিত ছিলেন, দক্ষিণ জেলা যুবলীগ সদস্য হাসান মাহমুদ, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাবেদ রানা মুন্না, উত্তর সাতকানিয়া যুবলীগের সহ-সভাপতি এস.এম সৈয়দ, খাগরিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আলী নুর মানিক,চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি এম.মোরশেদ আলম,অর্থ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ,সাহিত্য বিষয়ক সম্পাদক ফখরুল হাবিব মাছুম সহ ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
চট্টগ্রাম সংবাদ/ আই এইচ।