ঈদগাঁও প্রতিনিধি: বাঁশের তৈরি বিভিন্ন উপকরণকে জীবিকার প্রধান বাহক হিসেবে আঁকড়ে রেখেছেন ঈদগাঁওর কয়েক পরিবার। এই বাঁশই বর্তমানে তাদের জীবিকার প্রধান বাহক। কিন্তু দিন দিন বাঁশের তৈরি বিভিন্ন পণ্যের চাহিদা কমে যাওয়ায় ভালো নেই এই শিল্পের সঙ্গে জড়িত কারিগররা। নবগঠিত ঈদগাঁও উপজেলা থেকে ক্রমান্বয়ে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী বাঁশ শিল্প। বর্তমানে স্বল্পদামে হাতের নাগালে প্লাস্টিক সামগ্রী পাওয়ায় কুটিরশিল্পের চাহিদা এখন আর তেমন নেই। তাছাড়াও দুষ্প্রাপ্য হয়ে পড়েছে এ শিল্পের কাঁচামাল বাঁশ। এখন আর আগের মতো বাড়ির আশপাশে বাঁশের ঝোপ রাখছেন না কেউ। সেগুলো কেটে বিভিন্ন চাষাবাদসহ বাসাবাড়ীসহ হরেক রকমের জিনিস তৈরি করেছে গ্রামের লোকজন। তাই কাঁচামাল আর আগের মতো সহজেই পাওয়া যায়না। ঈদগাঁও বাজারে বাঁশের তৈরি পণ্য বিক্রি করতে আসা করিম নামের এক ব্যাক্তি জানান, শিল্পের দুর্দিনে হাতেগোনা কিছু সংখ্যক পরিবার শিল্পটিকে আঁকড়ে ধরে আছেন। অনেকে এ পেশা ছেড়ে অন্য পেশায় গেলেও পূর্বপুরুষের হাতেখড়ি এই পেশাকে কিছুতেই ছাড়তে পারেননি। তাছাড়া বর্তমানে কাঁচামালের দাম বেশি হওয়ায় আমাদের তৈরি পণ্যের দামও বেশি নিতে হয়। প্রতি হাটে যা বিক্রি করি, তা দিয়ে সংসার চালানো কষ্টকর। সূত্রমতে,ঈদগাঁও বিভিন্ন খালের পাশ জুড়ে একসময় কাঁচা বাঁশ ছিল প্রচুর। কতিপয় মহল সেটি কর্তন করে দখলে মেতে উঠছে।